গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে এবং হজমের সমস্যা কমাতে দই অত্যন্ত উপকারী একটি খাবার। দইয়ে থাকা প্রোবায়োটিক অন্ত্রের ভাল ব্যাক্টেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। তবে শুধু দই নয়, তার সঙ্গে কিছু পরিচিত মশলা মিশিয়ে খেলে পুষ্টিগুণ আরও বেড়ে যেতে পারে।
হিং বদহজম কমাতে বিশেষ কার্যকর। দইয়ে এক চিমটে হিং মিশিয়ে খেলে পাচকরসের ক্ষরণ বাড়ে এবং খাবার দ্রুত হজম হয়। তাই গরমের দুপুরে খাওয়ার পরে এই দই খেলে আরাম মেলে।
রোস্ট করা জিরেগুঁড়োও দইয়ের সঙ্গে খুব ভাল মানায়। জিরে হজমক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং পেটফাঁপা বা অস্বস্তি কমাতে উপকারী বলে মনে করা হয়। গরমে জিরে মেশানো দই অনেকের কাছেই স্বস্তিদায়ক খাবার।
গোলমরিচে থাকা পিপারিন শরীরে পুষ্টি শোষণে সাহায্য করে। দইয়ের সঙ্গে সামান্য গোলমরিচ মিশিয়ে খেলে স্বাদ বাড়ে এবং শরীরেরও উপকার হয়। তবে অতিরিক্ত গোলমরিচ ব্যবহার করা উচিত নয়।
সাধারণ নুনের বদলে বিটনুন ব্যবহার করলে দইয়ের স্বাদ যেমন বাড়ে, তেমনই হজমেও সাহায্য করে। অনেকেই ভারী খাবারের পরে বিটনুন মেশানো দই বা ঘোল খেতে পছন্দ করেন। এতে পেট ঠান্ডা থাকে এবং ফেঁপে থাকার সমস্যাও কমে।
পুদিনা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। দইয়ের সঙ্গে পুদিনাপাতা বা পুদিনাগুঁড়ো মিশিয়ে রায়তা বা ঘোল তৈরি করলে তা গরমের দিনে বেশ সতেজ অনুভূতি দেয়। অম্বল ও বমিভাব কমাতেও এটি সহায়ক হতে পারে।
আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন লাউপোড়া ভর্তা
Image source-Google