শীতকাল এলেই বাতাসে ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে যায়। রাস্তার ধুলো, গাড়ির ধোঁয়া, শিল্পাঞ্চলের বাতাস—সব মিলিয়ে দূষণের প্রকোপ বাড়ে। এই ধূলিকণাগুলো সরাসরি ফুসফুসে আঘাত হানে, যার ফলে হাঁপানি, সিওপিডি বা শ্বাসকষ্টের রোগীরা বেশি সমস্যায় পড়েন। চিকিৎসা অবশ্যই প্রয়োজন, তবে নিয়মিত কিছু পুষ্টিকর খাবার ফুসফুসের সুরক্ষাবর্ম হিসেবে কাজ করতে পারে। শীতকালের দূষণ থেকে ফুসফুস ভালো রাখতে তালিকায় রাখুন এই ৫টি খাবার।

১. আমলকি:

ছোট হলেও গুণে ভরপুর। আমলকি ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ, যা ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে। অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে হাঁপানি বা সিওপিডির ঝুঁকি কমাতে পারে। পাশাপাশি সংক্রমণের হাত থেকেও শরীরকে রক্ষা করে।

২. তুলসী:

তুলসী পাতার রস বা তুলসী-ফোটা জল বহুদিন ধরে ঘরোয়া ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এতে থাকা ইউজেনল প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দূষণের মৌসুমে তুলসী ফুসফুসের জন্য বিশেষভাবে উপকারী।

৩. আদা:

আদার প্রদাহনাশক ও জীবাণুনাশক গুণ শ্বাসের পথ পরিষ্কার রাখতে সাহায্য করে। আদা-ফোটা জল বা আদা চা কাশি, গলা খসখসানি বা দূষণজনিত শ্বাসকষ্ট কমাতে কার্যকর। এক কথায়, আদা ফুসফুসের প্রাকৃতিক পরিষ্কারক।

৪. গাজর:

গাজরে পাওয়া যায় বিটা-ক্যারোটিন, যা থেকে তৈরি হয় ভিটামিন এ। এটি ফুসফুসের মিউকাস পর্দা সুস্থ রাখে, ফলে ধুলো ও ক্ষতিকর কণা আটকে ফুসফুসকে সুরক্ষিত করে।

৫. বিট:

বিটের বিটেলেইন নামক অ্যান্টি-অক্সিড্যান্ট প্রদাহ কমাতে সাহায্য করে। শ্বাসকষ্ট হলে বিটে থাকা উপাদান অক্সিজেন চলাচল উন্নত করে শরীরে স্বস্তি এনে দিতে পারে।

 

নিয়মিত এই খাবারগুলি খেলে শীতের দূষণেও ফুসফুস অনেকটাই ভালো থাকতে পারে—ডাক্তারের পরামর্শের পাশাপাশি এটি হতে পারে সহজ ঘরোয়া সুরক্ষা।

আরও পড়ুন: Healthy Diet: খালিপেটে কোন খাবার একেবারেই খাবেন না? দিনভর অম্বল এড়াতে পুষ্টিবিদের জরুরি পরামর্শ

Image source-Google

By Torsha