বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সলমন খানকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। সম্প্রতি একাধিক অনুষ্ঠানে অভিনেতাকে দেখে অনেকেই তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে আলোচনা শুরু করেছেন। বিশেষ করে ওজন বৃদ্ধি, চুল পাতলা হয়ে যাওয়া এবং ক্লান্ত চেহারা ঘিরে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে বিনোদন মহলে।
কয়েক দিন আগে একটি বিশেষ চলচ্চিত্র-অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সলমন। সেখানে তাঁকে দেখে অনেকেরই নজরে আসে তাঁর নতুন লুক। মাথার চুল আগের তুলনায় অনেক কম বলে মনে হয়েছে দর্শকদের। এরপর আরেকটি সামাজিক অনুষ্ঠানে অভিনেতার উপস্থিতি ঘিরেও শুরু হয় আলোচনা। অনুরাগীদের একাংশের মতে, আগের তুলনায় তাঁর ওজন কিছুটা বেড়েছে এবং শরীরে ক্লান্তির ছাপও স্পষ্ট।
বলিউডে দীর্ঘদিন ধরে নিজের ফিটনেসের জন্য পরিচিত সলমন। ষাটের কোঠায় পৌঁছেও নিয়মিত শরীরচর্চা, কঠোর ডায়েট এবং অ্যাকশন দৃশ্যে নিজে অংশ নেওয়ার জন্য প্রশংসিত তিনি। এমনকি ক্যারিয়ারের বেশির ভাগ সময়েই বিপজ্জনক স্টান্টের জন্য বডি ডাবলের উপর নির্ভর করতে চাননি অভিনেতা। ফলে তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কৌতূহল ও উদ্বেগ— দুটোই বেড়েছে।
ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মহলের দাবি, কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণে রয়েছেন সলমন। শোনা যাচ্ছে, অতীতে যেমন একাধিকবার বিদেশে চিকিৎসা করিয়েছিলেন, তেমনই প্রয়োজন হলে আবারও আমেরিকায় যেতে পারেন তিনি। যদিও অভিনেতা বা তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, সম্প্রতি নেওয়া কিছু ওষুধ এবং চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই তাঁর শারীরিক পরিবর্তন দেখা যেতে পারে। তবে সলমনের ঠিক কী সমস্যা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে নানা গুঞ্জন তৈরি হলেও তার সত্যতা এখনও নিশ্চিত নয়।
এদিকে শারীরিক অসুস্থতার সম্ভাব্য খবরের মাঝেও কাজ থামাতে নারাজ অভিনেতা। খুব শীঘ্রই একটি বড় বাজেটের অ্যাকশন ছবির শুটিং শুরু করার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, নতুন ছবির কাজ শেষ না হওয়া পর্যন্ত দীর্ঘ বিরতি নিতে চাইছেন না তিনি। অতীতে একটি ছবির শুটিং চলাকালীন গুরুতর শারীরিক সমস্যার কারণে কাজ বন্ধ রাখতে হয়েছিল। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে এবারও বিশেষ সতর্ক থাকলেও কাজের প্রতি তাঁর দায়বদ্ধতা অপরিবর্তিত।
অনুরাগীদের আশা, সমস্ত জল্পনা দূরে সরিয়ে খুব দ্রুতই সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরবেন তাঁদের প্রিয় তারকা। তবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নিশ্চিত তথ্যের জন্য এখনও অপেক্ষা করতে হবে অভিনেতার আনুষ্ঠানিক বক্তব্যের।
আরও পড়ুন: Tulsi Plant: তুলসীগাছ রাখছেন বাড়িতে? মঙ্গল চাইতে গিয়ে অজান্তেই ডেকে আনছেন না তো অশুভ শক্তি!
Image source-Google