গরমে শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত জলপানের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে অনেকেই মনে করেন, যত বেশি জল খাওয়া যাবে, ততই শরীরের জন্য ভাল। এই ধারণা যে সব সময় ঠিক নয়, সেই সতর্কবার্তাই দিলেন চিকিৎসক মধু চোপড়া। অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার মা সম্প্রতি সমাজমাধ্যমে জলপান ও শরীরকে হাইড্রেটেড রাখার কয়েকটি সহজ অথচ গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা ভাগ করে নিয়েছেন। তাঁর মতে, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য কঠিন নিয়ম নয়, বরং ছোট ছোট সচেতন অভ্যাসই সবচেয়ে কার্যকর।

 

প্রথমেই তিনি বলেন, রোদ থেকে ফিরে সঙ্গে সঙ্গে বরফ-ঠান্ডা জল বা ঠান্ডা পানীয় খাওয়ার অভ্যাস এড়ানো উচিত। প্রচণ্ড গরম থেকে হঠাৎ অতিরিক্ত ঠান্ডা খাবার বা পানীয় গ্রহণ করলে শরীরের উপর অপ্রয়োজনীয় চাপ পড়তে পারে। তাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পর জল বা অন্য পানীয় পান করাই ভাল।

 

মধু চোপড়ার দ্বিতীয় পরামর্শ, শরীরে জলের ঘাটতি মেটাতে শুধু সাধারণ জলের উপর নির্ভর না করে লেবুর শরবত, ঘোল, লস্যি, ডাবের জল কিংবা অন্যান্য স্বাস্থ্যকর তরল পানীয়ও খাদ্যতালিকায় রাখা যেতে পারে। তবে পরিমিতির বিষয়টি মাথায় রাখা জরুরি। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল পান করাও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

 

তাঁর তৃতীয় পরামর্শ হল, গরমকালে বেশি করে জলসমৃদ্ধ ফল ও সবজি খাওয়া। তরমুজ, শসা, ফুটি, লাউ, ঝিঙের মতো খাবারে প্রাকৃতিক ভাবে প্রচুর জল থাকে। এগুলি শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজও জোগায়। পাশাপাশি তিনি টাটকা, সেদ্ধ বা অল্প তেলে রান্না করা খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। অতিরিক্ত মশলাদার, তেলেভাজা বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলাই ভাল।

 

মধু চোপড়ার মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে প্রায় ৮ থেকে ১০ গ্লাস জল পান করা উচিত। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেলে শরীরের জলের ঘাটতি পূরণ হওয়ার পাশাপাশি হজমেও উপকার হতে পারে। বাইরে বেরোলে সঙ্গে অবশ্যই জলের বোতল রাখা উচিত। চাইলে জলের স্বাদ বাড়াতে লেবু, পুদিনা বা শসার টুকরোও মেশানো যেতে পারে।

 

তবে তিনি অতিরিক্ত ক্যাফিনযুক্ত বা চিনিযুক্ত কোমল পানীয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। কারণ এগুলি অনেক সময় শরীরে জলশূন্যতার ঝুঁকি বাড়াতে পারে। পরিবর্তে ডাবের জল, ভেষজ চা কিংবা তাজা ফলের রস বেশি উপকারী।

 

সবশেষে তিনি সতর্ক করেন, অল্প সময়ে অতিরিক্ত জল পান করলে ‘হাইপোনাট্রেমিয়া’ নামে একটি জটিল সমস্যা হতে পারে। এতে রক্তে সোডিয়ামের মাত্রা কমে গিয়ে শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। তাই গরমে সুস্থ থাকতে প্রয়োজনমতো জল পান করুন, তবে অতিরিক্ত নয়— এটাই মধু চোপড়ার মূল বার্তা।

আরও পড়ুন: Salman Khan: স্বাস্থ্য নিয়ে অনুরাগীদের উদ্বেগ, চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন সলমন খান?

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *