‘সইয়ারা’ ছবিতে একসঙ্গে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন অহান পাণ্ডে ও অনীত পদ্দা। ২০২৫ সালে মুক্তি পাওয়া এই ছবির পর থেকেই দুই তারকার সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। এ বার অনীতের জন্মদিনে অহানের বিশেষ বার্তা সেই চর্চাকেই আরও উস্কে দিল। তবে কি বন্ধুত্বের সম্পর্কের বাইরে আরও কাছাকাছি এসেছেন তাঁরা?
মঙ্গলবার ছিল অনীতের জন্মদিন। সেই উপলক্ষে সমাজমাধ্যমে অভিনেত্রীর বেশ কয়েকটি অদেখা ছবি ও ভিডিয়ো ভাগ করে নেন অহান। সেই সব মুহূর্তের মধ্যে একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবিও রয়েছে। অনীতকে ‘বিশ্বব্রহ্মাণ্ডের উপহার’ বলে উল্লেখ করে আবেগঘন বার্তা লেখেন অভিনেতা।
অহান লেখেন, অনীতের উপস্থিতি যেন চারপাশের সব কিছুকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। পৃথিবীর প্রতি অনীত যেমন কোমল ও সংবেদনশীল, তেমনই যেন গোটা বিশ্বও তাঁর প্রতি কোমল থাকে। নিজের চারপাশে কতটা আলো ছড়িয়ে দিতে পারেন অনীত, সে কথা কখনও ভুলে না যাওয়ার বার্তাও দেন অহান। শেষে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।
এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মন্তব্যে ভরে যায় সমাজমাধ্যম। কেউ অহানের লেখার প্রশংসা করেছেন, কেউ আবার দু’জনের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। একাংশের দাবি, এত আবেগঘন বার্তার মাধ্যমে হয়তো নিজেদের সম্পর্কের ইঙ্গিত দিলেন তাঁরা। তবে অনুরাগীদের এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি অহান বা অনীত।
এর আগেও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন অহান। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, অনীত তাঁর সবচেয়ে ভাল বন্ধু। সমাজমাধ্যমে অনেকেই তাঁদের প্রেমের সম্পর্কে রয়েছেন বলে মনে করলেও বাস্তবে বিষয়টি তেমন নয় বলেই দাবি করেছিলেন তিনি। অহানের মতে, পর্দায় দু’জনের রসায়ন থাকলেই যে বাস্তবেও প্রেমের সম্পর্ক থাকতে হবে, এমন কোনও কথা নেই।
অভিনেতার কথায়, একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ থাকা, নিরাপদ বোধ করা এবং মনের কথা ভাগ করে নিতে পারাই যে কোনও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অনীত তাঁর প্রেমিকা না হলেও, তাঁর সঙ্গে যে সম্পর্ক রয়েছে, তেমন সম্পর্ক আর কারও সঙ্গে কখনও হবে না বলেও জানিয়েছিলেন অহান। তাই জন্মদিনের এই বিশেষ বার্তা নতুন করে প্রেমের জল্পনা তৈরি করলেও, দুই তারকার সম্পর্কের সমীকরণ এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: ‘তুমিই আমার সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী’, স্ত্রী রশ্মিকাকে নিয়ে আবেগপ্রবণ বিজয় দেবরকোন্ডা
Image source-Google