উচ্চ রক্তচাপ বা High Blood Pressure নিয়ন্ত্রণের কথা উঠলেই প্রথমেই মনে আসে নুন কম খাওয়ার পরামর্শ। কিন্তু বাস্তবে রক্তচাপ ওঠানামার পিছনে শুধু নুনই দায়ী নয়। বরং এমন একাধিক কারণ রয়েছে, যেগুলি আমরা প্রায়ই উপেক্ষা করি। বিশেষজ্ঞদের মতে, চিনি খাওয়ার পরিমাণ এবং রক্তে শর্করার মাত্রা রক্তচাপের উপর বড় প্রভাব ফেলতে পারে।
অনেকেই মনে করেন, নুন বেশি খেলেই রক্তচাপ বাড়ে। কিন্তু অতিরিক্ত চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেটও সমানভাবে ক্ষতিকর। এই ধরনের খাবার রক্তে গ্লুকোজ়ের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। এর ফলে শরীরে ইনসুলিনের উৎপাদন বেড়ে যায়। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চলতে থাকলে তৈরি হয় ইনসুলিন রেজ়িস্ট্যান্স, যা শরীরের বিপাকক্রিয়াকে ব্যাহত করে।
এই ইনসুলিন রেজ়িস্ট্যান্সের প্রভাব পড়ে কিডনির উপরেও। কিডনি তখন শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম ও জল বের করে দিতে পারে না। ফলে রক্তে সোডিয়ামের মাত্রা বাড়তে থাকে এবং রক্তের পরিমাণও বেড়ে যায়। এর ফলেই ধীরে ধীরে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়।
এ ছাড়াও, অতিরিক্ত চিনি শরীরে নাইট্রিক অক্সাইডের মাত্রা কমিয়ে দেয়। নাইট্রিক অক্সাইড রক্তনালিকাকে প্রসারিত ও শিথিল রাখতে সাহায্য করে। এর ঘাটতি হলে রক্তনালিকা সঙ্কুচিত হয়ে যায়, যা রক্তচাপ আরও বাড়িয়ে তোলে।
নুন, চিনি এবং ইনসুলিন—এই তিনটি একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাঁদের অনেক ক্ষেত্রেই ইনসুলিন রেজ়িস্ট্যান্স বা বিপাকক্রিয়ার সমস্যা দেখা যায়। ফলে হৃদ্রোগের ঝুঁকিও বেড়ে যায়।
তাই সুস্থ থাকতে হলে শুধু নুন কম খেলেই হবে না, বরং চিনি গ্রহণের দিকেও সমান নজর দেওয়া জরুরি। এর পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনাও প্রয়োজন। যেমন—সময়ে খাওয়া, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত জল পান, মানসিক চাপ কমানো এবং নিয়মিত শরীরচর্চা করা।
ছোট ছোট এই অভ্যাসগুলি দীর্ঘমেয়াদে শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তাই সচেতন থাকুন, সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন এবং সুস্থ জীবনযাপন করুন।
Image source-Google