মকর সংক্রান্তির পুণ্যতিথিতে কালীঘাটে বগলা মায়ের নবনির্মিত মন্দিরের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Kalighat temple)। বুধবার বিকেলে তিনি মন্দির চত্বরে পৌঁছন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। পুজো চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে কাসর ও ঘণ্টা বাজান এবং কিছু সময় মন্দির প্রাঙ্গণে বসে পুজোয় অংশ নেন। এদিন মকর সংক্রান্তি উপলক্ষে তিনি রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানান। মকর সংক্রান্তি বাঙালির বারোমাস্যা উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ। এদিন ভোররাত থেকেই গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। বীরভূমে শুরু হয়েছে জয়দেবের মেলা, পালিত হচ্ছে টুসু পরবও। রাজ্যজুড়ে এই মুহূর্তে উৎসবের আমেজ। সেই আবহেই কালীঘাটে বগলা মায়ের মন্দিরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে নিউটাউনের দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee at Kalighat temple)। পাশাপাশি শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির নির্মাণের ঘোষণাও করেছিলেন তিনি। সে সময় জানিয়েছিলেন, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শিলান্যাস হবে। যদিও সামান্য সময় পিছিয়ে তৃতীয় সপ্তাহে শিলান্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দু’বছরের মধ্যেই দুর্গা অঙ্গনের নির্মাণকাজ শেষ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চলতি সপ্তাহেই দু’দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ১৬ জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। পরদিন, ১৭ জানুয়ারি জলপাইগুড়িতে রয়েছে তাঁর কর্মসূচি।

উল্লেখ্য, গত অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে একাধিকবার সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সফরের মধ্যেই তিনি দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দেন এবং পরবর্তীতে শিলিগুড়িতে বাংলার বৃহত্তম মহাকাল মন্দির নির্মাণের ঘোষণা করেন।

 

আরো দেখুন:Abhishek Banerjee Ranjit Mallick meeting:“রাজনীতির কথা বলতে আসিনি”—রঞ্জিৎ মল্লিকের বাড়িতে সৌজন্য সাক্ষাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়