ছ’ বছর পর ফের ভোটের উত্তাপে মহারাষ্ট্র (Maharashtra civic elections)। একদিনেই নির্বাচন ২৯টি পুরসভায়। কিন্তু রাজ্যের রাজনৈতিক মানচিত্রে নজর একটাই—মুম্বই। দেশের সবচেয়ে ধনী পুরসভা ব্রিহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) ঘিরে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।

ক্ষমতার যুদ্ধে মুখোমুখি বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি এবং ঐক্যবদ্ধ ঠাকরে শিবির। ২৫ বছর ধরে যে পুরসভা শিব সেনার দখলে, সেই দুর্গ ভাঙার লক্ষ্য নিয়েই ময়দানে নেমেছে বিরোধীরা।

সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে ভোট। ৮৯৩টি ওয়ার্ডে ২,৮৬৯টি আসনের জন্য ভাগ্যপরীক্ষা ১৫,৯৩১ জন প্রার্থীর। ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ৩ কোটি ৪৮ লক্ষ ভোটার। ফল ঘোষণা হবে ১৬ জানুয়ারি।

নিরাপত্তা ঘিরে কড়া ব্যবস্থা। মুম্বই জুড়ে মোতায়েন ২৫ হাজারের বেশি পুলিশ। ভোটগ্রহণ ও গণনা—দু’পর্বেই আঁটোসাঁটো পাহারা।

এই নির্বাচন শুধু পুরসভা নয়, রাজনৈতিক ইতিহাস বদলে দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২০২২ সালের ভাঙনের পর এই প্রথম বড় পরীক্ষায় ঠাকরে শিবির। তাদের কাছে এই লড়াই ক্ষমতার নয়, অস্তিত্বের।

ভোটের মুখে রাজনীতির বড় চমক—দু’দশক পর একই মঞ্চে উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে। লক্ষ্য একটাই—মারাঠি ভোট একজোট করা। অন্যদিকে পুনে ও পিম্প্রি-চিঞ্চওয়াড়ে হাত মিলিয়েছে এনসিপির দুই শিবির।

মুম্বইয়ে (Maharashtra civic elections) আলাদা পথে কংগ্রেস। জোটসঙ্গী হিসেবে তারা বেছে নিয়েছে VBA ও রাষ্ট্রীয় সমাজ পক্ষকে। ত্রিমুখী লড়াইয়ে ভোট ভাগাভাগির অঙ্ক আরও জটিল।

নারী ভোটাররা কি হতে পারেন গেম চেঞ্জার? মহাযুতির প্রতিশ্রুতি—BEST বাসে ৫০ শতাংশ ছাড়। ঠাকরে জোটের ঘোষণা—গৃহপরিচারিকাদের মাসে ১,৫০০ টাকা ভাতা, ৭০০ স্কোয়ার ফুট পর্যন্ত বাড়িতে সম্পত্তি কর মকুব। কংগ্রেসের ফোকাস—দূষণ নিয়ন্ত্রণ, পরিবহন ব্যবস্থা ও মুম্বইয়ের অর্থনীতি।

সবচেয়ে বিতর্কিত ইস্যু মেয়র পদ। বিজেপির দাবি, ঠাকরে শিবির জিতলে মুসলিম মেয়র হতে পারেন। পাল্টা ঠাকরে শিবিরের বার্তা—মেয়র হবেন মারাঠি। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের গ্যারান্টি, “মেয়র হবেন হিন্দু ও মারাঠি।” ভোটের দিন সরকারি ছুটি। ইভিএম প্রস্তুত। প্রশাসন তৈরি।

এখন প্রশ্ন একটাই— ২৫ বছরের ইতিহাস কি ভাঙবে? না কি ক্ষমতা বদলের নতুন গল্প লিখবে মুম্বই?

 

আরো দেখুন:Abhishek Banerjee Ranjit Mallick meeting:“রাজনীতির কথা বলতে আসিনি”—রঞ্জিৎ মল্লিকের বাড়িতে সৌজন্য সাক্ষাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়