নিট পরীক্ষার প্রশ্নপত্রের ফাঁস হওয়াতে দেশের পরিস্থিতি চোখে পড়ার মত। সারা দেশের বিভিন্ন শহরের ছাত্রছাত্রীরা প্রতিবাদে নেমেছে। দিল্লিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ছাত্রছাত্রীরা পথে নেমেছে বিচারের আশায়। কিন্তু বিচারের বদলে তাদের ওপর হয়ে চলেছে লাঠি চার্জ, টিয়ার গ্যাস। শুধু দিল্লি নয়, এরপর একে একে মুম্বই থেকে অরুণাচল প্রদেশ, কলকাতা সর্বত্র ছড়িয়ে পড়েছে ছাত্রছাত্রীদের এই আন্দোলন। আর এই আন্দোলনে শামিল হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi)।
পড়ুয়াদের সঙ্গে দিল্লির যন্তর মন্তরে শাবানা আজমি (Shabana Azmi) পৌঁছে গিয়েছিলেন। সেখানে টানা তিনদিন প্রত্যক্ষভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে কাঁদানে গ্যাসের প্রভাবে তাঁর হাঁপানির সমস্যা বাড়লেও তা উপেক্ষা করে ছাত্রছাত্রীদের সঙ্গ দিয়েছেন অভিনেত্রী। এরপর শিবাজি পার্কের বিক্ষোভেও তাঁর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই জ্বরে পড়েছেন অভিনেত্রী। জানা যাচ্ছে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে প্রায় ১০২ ডিগ্রি জ্বরে ভুগছেন তিনি। এই পরিস্থিতিতে তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।
এই কারণেই আন্দোলনে অংশ নিতে পারেননি অভিনেত্রী। শনিবার নিজের সমাজ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন শাবানা। জানিয়েছেন শারিরীক অবস্থার কারণে সেখানে শারিরীক ভাবে উপস্থিত থাকতে না পারলেও মানসিক ভাবে তিনি ছাত্রছাত্রীদের পাশে আছেন। তাঁদের আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহস জুগিয়েছিলেন অভিনেত্রী।
Image source-Google