এসআইআর (SIR) প্রক্রিয়াকে ঘিরে শুরু থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। এই আবহেই নির্বাচন কমিশনের ঘন ঘন নির্দেশিকা বদলানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আর এই বিষয়েই এবার সরাসরি ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শুক্রবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন। মমতার অভিযোগ, পরিকল্পনাহীন ও বাস্তবতা-বিবর্জিত সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ আতঙ্কিত ও বিভ্রান্ত হচ্ছেন। তিনি বলেন, এতদিন ধরে স্কুলের সার্টিফিকেটই জন্মের প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছে, কারণ অতীতে প্রাতিষ্ঠানিকভাবে জন্ম নথিভুক্তির ব্যবস্থা সর্বত্র ছিল না। অথচ এখন হঠাৎ করে নিয়ম বদলে নতুন শর্ত চাপানো হচ্ছে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
মমতার আরও অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আধার কার্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। একইসঙ্গে তিনি জানান, মালদহে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রায় ৯০ হাজার মানুষকে নোটিস পাঠানো হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। শুধু সাধারণ মানুষই নন, অমর্ত্য সেন, জয় গোস্বামী বা দেবের মতো বিশিষ্ট ব্যক্তিরাও নোটিস পেয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, যে ডোমিসাইল সার্টিফিকেট গোটা দেশে বৈধ বলে মানা হয়, তা বাংলায় কেন অগ্রহণযোগ্য বলে বিবেচিত হচ্ছে?
এই প্রসঙ্গে মমতা কটাক্ষের সুরে বলেন, তাহলে কি ভোটার তালিকা তৈরি করবে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আর বিজেপি একসঙ্গে? যদি এভাবে চলতে থাকে, তবে বাংলায় ভোটারই থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। যদিও তিনি স্পষ্ট করেন, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন এবং তিনি আদালতের উপর পূর্ণ আস্থা রাখেন।
নির্বাচন কমিশনের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, কোনও রাজ্যে এই ধরনের নিয়ম কার্যকর না হলেও শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই কেন আলাদা আচরণ করা হচ্ছে, তার ব্যাখ্যা চাই। কমিশনকে ‘চেয়ারের মর্যাদা’ বজায় রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, নিরপেক্ষতা ও সাংবিধানিক পরম্পরা রক্ষা না করলে মানুষের আস্থা নষ্ট হবে। শেষ পর্যন্ত তাঁর দৃঢ় বিশ্বাস, এসআইআর ইস্যুতে আদালত ন্যায়বিচার দেবে এবং এই লড়াইয়ে জয়ী হবে সাধারণ মানুষ।