নিট প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে দেশজুড়ে চলতে থাকা ছাত্র আন্দোলনের আবহে আবারও সরব হলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে তিনি রাজনৈতিক নেতৃত্ব এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। তাঁর সাম্প্রতিক পোস্ট ঘিরে যেমন প্রশংসার ঢেউ উঠেছে, তেমনই সমালোচনার মুখেও পড়তে হয়েছে শিল্পীকে।
সাম্প্রতিক এক পোস্টে অরিজিৎ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, সাধারণ কথা বললেই যদি এত আপত্তি ওঠে, তবে বাংলায় কথা বললেও কি হাজতবাস করতে হবে? একই সঙ্গে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় প্রশ্ন তোলেন, মতপ্রকাশের স্বাধীনতার পরিসর আদৌ সংকুচিত হয়ে পড়ছে কি না।
এর আগে দিল্লিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায়ও সরব হয়েছিলেন তিনি। সেই সময় এক পোস্টে অরিজিৎ লিখেছিলেন, ছাত্রছাত্রীদের ওপর বলপ্রয়োগ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশেও তিনি প্রশ্ন ছুড়ে দেন, ক্ষমতার ব্যবহার যেন গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত না করে।
তাঁর এই অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই শিল্পীর স্পষ্ট বক্তব্যের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ তাঁর ভাষা ও মন্তব্যের সমালোচনাও করেছেন। তবে সমালোচনার জবাবে অরিজিৎ স্পষ্ট জানিয়ে দেন, কেউ চাইলে তাঁর গান শোনা বন্ধ করতে পারেন, কিন্তু নিজের মতামত প্রকাশ করা থেকে তিনি সরে আসবেন না।
দেশজুড়ে চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে অরিজিৎ সিংহের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে তাঁর বার্তা এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে চর্চিত হচ্ছে।
Image source-Google