বঙ্গ রাজনীতিতে বিধানসভা নির্বাচনের আগে ফের দলবদলের হাওয়া। উত্তর দিনাজপুরের প্রভাবশালী নেতা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক অমল আচার্য বুধবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে (Congress) যোগ দিলেন। দীর্ঘ রাজনৈতিক যাত্রার পর ফের নিজের ‘পুরনো ঘরে’ ফিরে এলেন তিনি। বিধান ভবনে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং এআইসিসি পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরের উপস্থিতিতে অমল আচার্যের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেওয়া হয়।
অমল আচার্যের সঙ্গে এদিন কংগ্রেসে (Congress) যোগ দেন উত্তর দিনাজপুরের প্রায় সাত জন প্রাক্তন পঞ্চায়েত সমিতির পদাধিকারীও। প্রদেশ কংগ্রেসের দাবি, এই যোগদান উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে। শুভঙ্কর সরকারের বক্তব্য, “অমলবাবুর মতো অভিজ্ঞ নেতা দলের ভাবমূর্তি শক্ত করবে। সামনে আরও অনেকেই কংগ্রেসে যোগ দেবেন।”
অমল আচার্যের রাজনৈতিক যাত্রা বহু উত্থান-পতনের সাক্ষী। কংগ্রেসের হাত ধরেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে যোগ দিয়ে ইটাহার কেন্দ্র থেকে ২০১১ ও ২০১৬ সালে পরপর দু’বার বিধায়ক হন। তৃণমূলের জেলা সভাপতি হিসেবে দায়িত্বও সামলান। কিন্তু ২০২১ সালে হঠাৎই তাঁকে টিকিট না দেওয়ায় ক্ষোভে দল ছাড়েন তিনি। বিজেপিতে যোগ দিলেও খুব একটা সক্রিয় দেখা যায়নি তাঁকে।
দলবদলের কারণ সম্পর্কে অমলবাবু বলেন, “আমি তৃণমূলের জন্য অনেক কাজ করেছি। দু’বার বিধায়ক হয়েছি। কিন্তু ২০২১-এ আমাকে টিকিট দেওয়া হল না, কোনো সান্ত্বনাও দেওয়া হয়নি। আমি মানুষ, কষ্ট তো লাগেই।” তবে নতুন করে কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়ে তাঁর দাবি, “টিকিটের প্রশ্ন নয়, এটা আত্মিক টান। আমি ফিরেছি আমার প্রথম দলে।” রাজনৈতিক মহলের মতে, অমল আচার্যের এই প্রত্যাবর্তন উত্তরবঙ্গে কংগ্রেসের সংগঠনে নবজীবন আনতে পারে। অন্যদিকে বিজেপির শিবিরে তা এক ধাক্কা হিসেবেই ধরা হচ্ছে।
আরও পড়ুন: Delhi: লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! মৃত বেড়ে ৮, আতঙ্কে রাজধানী, উঠছে নাশকতার আশঙ্কা