বাংলার রাজনীতির আকাশে আবারও উঠেছে বিতর্কের মেঘ। ‘হিন্দুদের রক্ষায় অস্ত্র হাতে তুলুন’ বারাকপুরের (Barrackpore) প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক ঝড়। রবিবার ইছাপুর বাদামতলায় বিজেপি ঘনিষ্ঠ সংগঠন বঙ্গীয় সেনা-র এক অনুষ্ঠানে উপস্থিত থেকে অর্জুনের এমন মন্তব্যে শাসক তৃণমূল (TMC) থেকে বিরোধী শিবির। সর্বত্রই চলছে তীব্র প্রতিক্রিয়া।

অর্জুনের (Arjun Singh) বক্তব্য, “বঙ্গীয় সেনা তৈরি হয়েছে সমাজ ও দেশকে রক্ষা করার জন্য, নিজেরা ছবি তুলতে নয়। পরিবারে লক্ষ লক্ষ টাকা খরচ করেন, অথচ নিজের সুরক্ষায় অস্ত্র কিনবেন না কেন? মোদীজি বা অমিত শাহ (Amit Shah) কি এসে আপনাকে রক্ষা করবেন? আগে নিজেকে বাঁচাতে হবে, তাহলেই দেখবেন পাশে অনেকেই এসে দাঁড়াবে।” তাঁর এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে শুরু হয় প্রবল বিতর্ক। ওই সভামঞ্চেই তিনজন সংগঠনের সদস্যের হাতে ধারালো অস্ত্র তুলে দেন অর্জুন, যা কার্যত আরও আগুনে ঘি ঢেলে দেয়।

তৃণমূলের (TMC) তরফে এই মন্তব্যকে সরাসরি উসকানিমূলক বলে দাবি করে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “অর্জুন সিং মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর বক্তব্য সম্পূর্ণ উসকানিমূলক এবং আইনবিরোধী। প্রশাসনকে বলব, তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক।” যদিও সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় অর্জুন। তাঁর স্পষ্ট দাবি, “আমি কাউকে আক্রমণ করতে বলিনি। কিন্তু কেউ যদি আক্রমণ করে, তাহলে আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই মন্তব্য শুধুমাত্র এক নেতার ব্যক্তিগত বক্তব্য নয়, তা বিজেপির বর্তমান রাজনৈতিক হতাশা ও সংগঠনের দুর্বলতার প্রতিফলন। ২০২১-এর পর থেকে রাজ্যে ধারাবাহিক পরাজয়ে বিপর্যস্ত গেরুয়া শিবির এখন ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে ‘ডু অর ডাই’ পরিস্থিতি হিসেবে দেখছে। এর মধ্যেই এসআইআর ও দলীয় অন্তর্কলহে কার্যত ক্ষতবিক্ষত সংগঠনটিকে ফের উজ্জীবিত করতে চাচ্ছে নেতৃত্ব।

তবে এই ধরনের বক্তব্যে বিজেপির ভাবমূর্তি আরও চাপে পড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, ধর্মীয় সংবেদনশীলতার রাজনীতিতে আগুন জ্বেলে যদি রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়, তা শেষমেশ উলটো ফলও বয়ে আনতে পারে এমনটাই ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষক মহল।

আরও পড়ুন: Mamata Banerjee: রিচা ঘোষকে সংবর্ধনা, সৌরভের আইসিসি প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার কথা স্মরণ করলেন মমতা

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours