দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির পথে যশ অভিনীত ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’। ছবির মুক্তি বারবার পিছিয়ে যাওয়া এবং কাজ বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এ বার সেই সব জল্পনায় ইতি টেনে মুখ খুললেন অভিনেতা যশ।

বেঙ্গালুরুতে ছবির প্রচার-ঝলক প্রকাশের অনুষ্ঠানে যশ জানান, ‘টক্সিক’-এর শুটিং হয়েছে প্রায় ২০০ দিন ধরে। তাঁর কথায়, “প্রতি ১০ দিন বা ২০ দিন অন্তর একটা করে খবর দেখতে পাই যে কোনও ছবি বন্ধ হয়ে গিয়েছে। এই খবরগুলো কিসের ভিত্তিতে লেখা হয়, আমি জানি না।”

অভিনেতা জানান, প্রায় দু’বছর আগে ৮ অগস্ট ছবির কাজ শুরু হয়েছিল। দীর্ঘ শুটিংয়ের পাশাপাশি ছবিটির দু’টি সংস্করণও তৈরি করা হয়েছে। ফলে ছবিটি তৈরি করতে সময় লেগেছে অনেকটাই।

ছবির জন্য বিপুল অর্থ এবং পরিশ্রম ব্যয় হয়েছে বলেও জানান যশ। তাঁর দাবি, প্রযোজনায় খরচ হওয়া প্রতিটি পয়সার প্রতিফলন পর্দায় দেখতে পাবেন দর্শক। এই ছবির কাজ করতে গিয়ে তাঁকে নিজের ‘কমফর্ট জ়োন’ থেকেও বেরিয়ে আসতে হয়েছে।

দীর্ঘ এই সফরে পাশে থাকার জন্য স্ত্রী রাধিকা পণ্ডিতকেও ধন্যবাদ জানান অভিনেতা। মজার ছলে নিজের স্বভাব নিয়েও কথা বলেন তিনি। জানান, তাঁর সঙ্গে থাকা বা তাঁকে বন্ধু হিসেবে পাওয়া মোটেই সহজ নয়।

ছবির প্রচার-ঝলক প্রকাশ অনুষ্ঠানে যশের সঙ্গে উপস্থিত ছিলেন নয়নতারা, কিয়ারা আডবাণী, হুমা কুরেশী, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয় এবং পরিচালক গীতু মোহনদাস। আগামী ২৬ অগস্ট কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু, মলয়ালম এবং ইংরেজি ভাষায় মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক’-এর।

আরও পড়ুন: Salman Khan: ‘একটি শৌচালয়, গাদাগাদি করে বন্দি’, জেলে কাটানো দিনের অভিজ্ঞতা শোনালেন সলমন খান

Image source-Google

By Torsha