ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন অভিনেত্রী নফীসা অলী। ২০১৮ সালে তাঁর তৃতীয় পর্যায়ের পেরিটোনিয়াল এবং ওভারিয়ান ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পর কয়েক বছর ভালো থাকার পর ফের অসুস্থতার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। কয়েক মাস আগেই তিনি জানিয়েছিলেন, তাঁর ক্যানসার চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। এ বার নিজের শারীরিক অবস্থা নিয়ে নতুন খবর দিলেন তিনি।

রবিবার সমাজমাধ্যমে হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি পোস্ট করেন ৬৯ বছরের অভিনেত্রী। ছবিতে তাঁর হাতে আইভি ড্রিপ দেখা যায়। তবে মুখে ছিল হাসি। পোস্টে নফীসা জানান, চিকিৎসার পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে। বর্তমানে তাঁকে ‘টার্গেটেড থেরাপি’ দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং এই কঠিন সময়ে যাঁরা তাঁকে সাহস জোগাচ্ছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ।

অভিনেত্রীর সাম্প্রতিক পিইটি/সিটি স্ক্যানের রিপোর্টেও উদ্বেগের ছবি ধরা পড়েছে। তাঁর ওভারিয়ান এবং পেরিটোনিয়াল ক্যানসার আরও ছড়িয়েছে। নতুন করে যকৃতের উপরিভাগেও ক্যানসারের উপস্থিতি পাওয়া গিয়েছে। সেই কারণেই চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।

নফীসার পোস্ট প্রকাশ্যে আসার পর অনুরাগী এবং সহকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। পোশাকশিল্পী ফরাহ খান অলীও তাঁকে সাহস জুগিয়ে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।

২০১৮ সাল থেকে ক্যানসারের চিকিৎসা চলছে নফীসার। বর্তমানে গোয়ায় থাকেন তিনি। অসুস্থতার মধ্যেও অবশ্য অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি। ২০২২ সালে সূরজ বড়জাত্যার ‘উঁচাই’ ছবিতে অমিতাভ বচ্চনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি পদ্মকুমার নরসিংহমূর্তির ‘ম্যাক্স, মিন অ্যান্ড মেওজ়াকি’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।

চলতি বছরের জুলাইয়ে নিজের ক্যানসারের অভিজ্ঞতা নিয়ে নফীসা জানিয়েছিলেন, এই রোগ শুধু একজন মানুষকেই নয়, গোটা পরিবারকেও কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। আর্থিক এবং মানসিক—দুই দিক থেকেই এর প্রভাব পড়ে। তবু নিজের জীবনের জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথাই জানিয়েছিলেন অভিনেত্রী। এবারও তাঁর বার্তায় সেই লড়াই করার মানসিকতাই স্পষ্ট।

আরও পড়ুন: Amrish Puri: ‘মোগ্যাম্বো’র আড়ালে অন্য মানুষ, সানি-অজয়ের কাছে বাবার মত ছিলেন অমরেশ পুরী

By Torsha