রূপচর্চায় বেসন, মধু, দই—এসব উপকরণ বহু দিন ধরেই ব্যবহার হয়ে আসছে। কিন্তু গুড়? রান্নাঘরের এই সাধারণ উপাদানটিও ত্বকের যত্নে কার্যকর হতে পারে। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে গুড় ত্বকের জেল্লা ফেরাতে এবং দাগছোপ হালকা করতে সাহায্য করতে পারে।
গুড়ে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো খনিজ উপাদান। এ ছাড়া এতে থাকে ভিটামিন সি ও ভিটামিন ই, যা ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে এবং বলিরেখা কমাতে ভূমিকা রাখতে পারে। অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ হওয়ায় গুড় ত্বকের প্রদাহ কমাতেও সহায়ক। নিয়মিত ব্যবহারে ত্বক নরম ও উজ্জ্বল হতে পারে।
তবে গুড় সরাসরি মুখে না লাগিয়ে অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করাই ভাল।
গুড়-দই-মধুর প্যাক
এক চামচ গুড় গুঁড়ো করে তার সঙ্গে এক চামচ টকদই ও এক চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ভাল করে ফেটিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ত্বকের দাগছোপ হালকা হতে পারে। চোখের তলায় কালি কমাতেও উপকার পেতে পারেন।
গুড়-বেসন স্ক্রাব
এক চামচ গুড়ের সঙ্গে এক চা চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এটি হালকা স্ক্রাবারের মতো কাজ করবে। মুখে আলতো করে মালিশ করে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দু’বার ব্যবহার করলে মৃত কোষ দূর হবে, ত্বক দেখাবে পরিষ্কার ও সতেজ।
গুড়-অ্যালো ভেরা মাস্ক
এক চামচ গুড়ের সঙ্গে এক চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহার করলে ত্বক নরম ও মসৃণ হবে, দাগছোপও কমতে পারে।
তবে মনে রাখতে হবে, সব ত্বকে সব উপাদান মানায় না। প্রথমবার ব্যবহারের আগে হাতে বা কানের পিছনে প্যাচ টেস্ট করে নেওয়া ভাল। সংবেদনশীল ত্বক হলে বা কোনও চর্মরোগ থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
রান্নাঘরের সাধারণ গুড়ই হতে পারে আপনার ত্বকের যত্নের নতুন সঙ্গী—তবে সচেতনভাবে ব্যবহার করাই মূল কথা।
আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের জন্য এই স্ন্যাকস
Image source-Google