প্রচণ্ড গরমে (Summer Drinks) শুধু শরীর ঠান্ডা রাখাই নয়, ত্বকের হারানো উজ্জ্বলতাও ফিরিয়ে আনতে পারে কিছু স্বাস্থ্যকর পানীয়। কার্বনযুক্ত ঠান্ডা পানীয়ের বদলে বেছে নিন প্রাকৃতিক উপাদানে তৈরি এই তিন পানীয়।

আরও পড়ুন: Summer Recipe: গরমে পেট ঠান্ডা রাখতে ভরসা হতে পারে গ্রিক ইয়োগার্ট রায়তা

গরম পড়লেই অতিরিক্ত ঘাম, রোদে পোড়া ত্বক এবং পানিশূন্যতার সমস্যায় নাজেহাল হতে হয় অনেককেই। তার প্রভাব পড়ে ত্বকেও। মুখের স্বাভাবিক জেল্লা কমে যায়, ত্বক হয়ে ওঠে নিস্তেজ ও ক্লান্ত। তাই এই সময়ে শুধু তেষ্টা মেটালেই হবে না, প্রয়োজন এমন পানীয়ের (Summer Drinks) যা শরীরকে ভেতর থেকে সতেজ রাখবে এবং ত্বকের স্বাস্থ্যও ভালো রাখবে।

 

১) বেদানার মোহিতো

 

বেদানায় রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি এবং নানা ধরনের খনিজ উপাদান। পাশাপাশি এতে থাকা অ্যান্থোসায়ানিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বককে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। ফলে ত্বকের পুনরুজ্জীবনেও বেদানা কার্যকর ভূমিকা নেয়।

 

এই পানীয় তৈরি করতে একটি গ্লাসে বরফ, কিছু পুদিনা পাতা ও সামান্য বিট নুন দিয়ে হালকা থেঁতো করে নিন। তার মধ্যে টাটকা বেদানার রস এবং অল্প পাতিলেবুর রস মিশিয়ে নিন। ইচ্ছে হলে সামান্য সোডা যোগ করা যায়, তবে ত্বকের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সোডা না দেওয়াই ভালো।

 

২) চিয়া লেমনেড

 

চিয়া বীজ বর্তমানে সুপারফুড হিসেবেই পরিচিত। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং প্রদাহ কমাতেও কার্যকর। অন্যদিকে পাতিলেবু ভিটামিন সি-এর ভালো উৎস, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

 

একটি গ্লাসে পাতিলেবুর টুকরো ও পুদিনা পাতা হালকা চটকে নিন। বরফ, সামান্য বিট নুন, স্বাদমতো চিনি বা মধু যোগ করুন। এরপর পাতিলেবুর রস, এক টেবিল চামচ ভেজানো চিয়া বীজ এবং জল মিশিয়ে পরিবেশন করুন।

 

৩) ডাবের শরবত

 

গরমের দিনে ডাবের জল প্রাকৃতিক ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও অন্যান্য খনিজ শরীরে জলের ভারসাম্য বজায় রাখে। পাশাপাশি অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে।

 

ডাবের জল এমনিই খাওয়া যায়। তবে স্বাদ বাড়াতে এতে বরফ, কয়েক ফোঁটা পাতিলেবুর রস এবং এক চিমটি নুন মিশিয়ে নিতে পারেন।

 

তাই গরমে কৃত্রিম ঠান্ডা পানীয়ের বদলে প্রাকৃতিক ও পুষ্টিগুণে ভরপুর এই পানীয়গুলিকে দৈনন্দিন খাদ্যতালিকায় রাখুন। শরীর যেমন থাকবে ঠান্ডা ও চাঙ্গা, তেমনই ত্বকেও ফিরবে স্বাভাবিক উজ্জ্বলতা।

আরও পড়ুন: Raghav Chadha: প্রিয়ঙ্কার পরামর্শে বিজেপিতে রাঘব চড্‌ঢা? দাবি ঘিরে জোর জল্পনা

Image source-Google

By Torsha