গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখা এবং হালকা খাবার খাওয়ার দিকে নজর দেন অনেকেই। এই সময় এমন খাবার দরকার, যা এক দিকে যেমন শরীরকে আর্দ্র রাখবে, তেমনই পুষ্টির জোগানও দেবে। সেই তালিকায় সহজেই জায়গা করে নিতে পারে গ্রিক ইয়োগার্ট রায়তা। পরিচিত শসা-পেঁয়াজের রায়তার থেকে খানিক আলাদা এই পদ এখন স্বাস্থ্যসচেতনদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
গ্রিক ইয়োগার্ট সাধারণ দইয়ের তুলনায় অনেক বেশি ঘন এবং ক্রিমি। এতে প্রোটিনের পরিমাণও বেশি থাকে। তাই এই রায়তা শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। এর সঙ্গে যদি তিসি ও চিয়া বীজ মেশানো যায়, তা হলে খাবারটি আরও স্বাস্থ্যকর হয়ে ওঠে। কারণ এই বীজগুলিতে রয়েছে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং ভিটামিন ই। যা ত্বক, চুল, হাড় এবং মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী।
এই রায়তার অন্যতম আকর্ষণ হল এর ঠান্ডা ও সতেজ স্বাদ। গরমের দিনে ভাত, পোলাও, গ্রিলড খাবার কিংবা রোল-র্যাপের সঙ্গে এটি সহজেই পরিবেশন করা যায়। আবার দুপুরের খাবারের সঙ্গে ছোট্ট একটি বাটি রায়তা পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে।
এই পদ বানানোও বেশ সহজ। প্রথমে একটি বাটি কিছু ক্ষণের জন্য ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে। তার পরে সেই বাটিতে গ্রিক ইয়োগার্ট নিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে, যাতে মসৃণ ও ক্রিমের মতো টেক্সচার আসে। এতে আলাদা করে জল মেশানোর প্রয়োজন নেই।
এর পর মিহি করে কুচোনো শসা, ধনেপাতা এবং পুদিনাপাতা মিশিয়ে নিতে হবে। শসা রায়তাকে আরও সতেজ করে তোলে, আর পুদিনা ও ধনেপাতা যোগ করে আলাদা সুগন্ধ। তার পরে উপর থেকে ছড়িয়ে দিতে হবে ভাজা তিসি ও চিয়া বীজ। এই বীজগুলি শুধু পুষ্টিগুণই বাড়ায় না, রায়তার টেক্সচারও আরও আকর্ষণীয় করে তোলে।
শেষে সামান্য নুন এবং ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর এই গ্রীষ্মের পদ। চাইলে সামান্য ঠান্ডা জল মিশিয়ে রায়তার ঘনত্বও কমানো যেতে পারে। তবে পরিবেশনের আগে কিছু ক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে স্বাদ আরও বেড়ে যায়।
গরমে অতিরিক্ত তেলমশলাযুক্ত খাবারের বদলে এমন হালকা অথচ পুষ্টিকর পদ শরীরের জন্য অনেক বেশি উপকারী। তাই এ বার গরমে রোজকার খাবারের তালিকায় জায়গা করে নিতে পারে গ্রিক ইয়োগার্ট রায়তা।
আরও পড়ুন: Heatwave: দাবদাহে নাজেহাল? এই নিয়ম মানলেই কমবে অসুস্থতার ঝুঁকি
Image source-Google