মাঝরাতে ঘুম ভেঙে বার বার পাখার রেগুলেটর ঘোরানোর ঝামেলা আর থাকবে না। ঘরের তাপমাত্রা কমলে বা শরীরে ঠান্ডা অনুভূত হলে পাখাই নিজে থেকে তার গতি কমিয়ে নেবে। আবার গরম লাগলে বাড়াবে হাওয়ার জোর। এমনই অভিনব প্রযুক্তি নিয়ে হাজির হয়েছেন বেঙ্গালুরুর এক প্রযুক্তিবিদ।

 

তিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি সিলিং ফ্যান তৈরি করেছেন, যা ব্যবহারকারীর ঘুমের ধরন, শোয়ার ভঙ্গি এবং শরীরের তাপমাত্রা বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে গতি নিয়ন্ত্রণ করতে পারে। ফলে আলাদা করে রেগুলেটর ব্যবহার করার প্রয়োজন পড়বে না।

 

এই এআই-পাখায় রয়েছে বিশেষ মোটর ও উন্নত সেন্সর ব্যবস্থা। ‘থার্মাল’ ও ‘হিউমিডিটি’ সেন্সরের মাধ্যমে এটি ঘরের তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রা প্রতি মুহূর্তে মেপে ডেটা সংগ্রহ করে। ঘুমের মধ্যে শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবেই ওঠানামা করে। ভোররাতের দিকে পরিবেশ ঠান্ডা হলে একই গতিতে পাখা চলতে থাকলে অস্বস্তি হতে পারে। এআই অ্যালগরিদম সেই পরিবর্তন বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী পাখার গতি কমিয়ে বা বাড়িয়ে দেয়।

 

আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এটি শোয়ার ভঙ্গি ও ‘স্লিপ প্যাটার্ন’ পর্যবেক্ষণ করে অনুমান করতে পারে ব্যবহারকারীর গরম লাগছে না ঠান্ডা। সেই অনুযায়ী হাওয়ার মাত্রা সামঞ্জস্য করে নেয় পাখা নিজেই।

 

শুধু আরাম নয়, বিদ্যুৎ সাশ্রয়েও সাহায্য করতে পারে এই স্মার্ট ফ্যান। ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত করে টাইমার বা অ্যালার্ম সেট করাও সম্ভব। অর্থাৎ, নির্দিষ্ট সময়ে পাখা চালু বা বন্ধ করার ব্যবস্থাও থাকবে হাতের মুঠোয়।

 

প্রযুক্তির এই নতুন সংযোজন ভবিষ্যতে ঘরোয়া আরাম ও শক্তি সাশ্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন ফুলকপির কিমা

Image source-Google

By Torsha