সকালে তাড়াহুড়ো? সময় না পেলে ২-৪টি বাদামের সঙ্গে দু’টি খেজুরই হতে পারে পুষ্টিকর জলখাবার। ক্যালোরি সমৃদ্ধ, প্রাকৃতিক মিষ্টত্বে ভরপুর এই ফল স্মুদি, চাটনি কিংবা ডেজ়ার্ট—সবেতেই মানানসই। তবে বাজারে নানা ধরনের খেজুর—লম্বাটে, নরম, শক্ত, খয়েরি বা কালচে—দেখে ভাল মানেরটি বেছে নেওয়া কঠিন হয়ে যায়। ‘মাজাফতি’, ‘মেজদুল’-এর মতো জনপ্রিয় প্রজাতির মধ্যে সেরা খেজুর চিনবেন কীভাবে?
রং দেখেই আন্দাজ
খেজুরের রং তার পাকার ইঙ্গিত দেয়। কম পাকা খেজুর সাধারণত হলদেটে হয়। যত পাকে, রং তত গাঢ় খয়েরি বা কালচে হয়। তবে প্রজাতিভেদে রঙের তারতম্য স্বাভাবিক।
গায়ের গঠন
কোনও খেজুর তেলতেলে, কোনওটি খানিক শুকনো বা কোঁচকানো। খুব বেশি কুঁচকে গেলে ধরে নিতে পারেন সেটি বেশি শুকিয়ে গিয়েছে। হালকা তেলাভাব এবং সামান্য নরম গঠন ভাল মানের খেজুরের লক্ষণ। হাত দিয়ে চেপে দেখুন—অতিরিক্ত শক্ত বা অতিরিক্ত নরম নয়, মাঝামাঝি হওয়াই শ্রেয়।
গন্ধে বুঝুন
খেজুরের তীব্র গন্ধ না থাকলেও একটি স্বাভাবিক মিষ্টি সুবাস থাকে। যদি গন্ধ অস্বাভাবিক বা টক লাগে, তা হলে সেটি না কেনাই ভাল।
নরমত্ব যাচাই
হালকা চাপ দিলে খেজুর সামান্য দেবে যাবে, কিন্তু বীজ সহজে বেরিয়ে আসবে না। খুব তলতলে হলে বুঝবেন আর্দ্রতা বেশি। সাধারণত মেজদুল খেজুর সফট হয়, অন্য কিছু প্রজাতি তুলনায় একটু শক্ত।
প্যাকেট পরীক্ষা করুন
প্যাকেট সিল করা কি না, কোথাও ফাটা বা কাটা আছে কি না—ভাল করে দেখে নিন। প্যাকেজিং ঠিক না থাকলে খেজুর দ্রুত নষ্ট হতে পারে।
সঠিকভাবে বেছে নিলে খেজুর শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরিয়ে তুলবে আপনার প্রতিদিনের খাদ্যতালিকা।
আরও পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন কাতলা ভাপা
Image source-Google