অভিনয়ের দুনিয়ায় চরিত্রের আসা-যাওয়া নতুন কিছু নয়। তবু কখনও কখনও বিদায়টা এতটাই আচমকা হয় যে, প্রস্তুতির সুযোগই মেলে না। তেমনই অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেত্রী তন্বী লাহা রায়।
ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এ মীরা চরিত্রে অভিনয় করছিলেন তিনি। শুরুতে গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল আর্য সিংহ রায়, কিঙ্কর ও মীরা— সঙ্গে অপর্ণা। সময়ের সঙ্গে গল্পে যুক্ত হয়েছে একাধিক নতুন চরিত্র। সেই ভিড়েই হঠাৎই থেমে গেল মীরার যাত্রা।
তন্বীর কথায়, জানুয়ারি মাসেই তাঁর শেষ শুটিং হয়েছিল। তাঁকে অপেক্ষা করতে বলা হয়েছিল পরবর্তী কলটাইমের জন্য। তিনি ভেবেছিলেন, হয়তো আবার ডাক আসবে। কিন্তু আচমকাই জানানো হয়, মীরা চরিত্রটির আর প্রয়োজন নেই। এই আকস্মিক সিদ্ধান্তে কিছুটা মনখারাপ তো বটেই, রয়েছে অভিমানও।
অভিনেত্রীর মতে, মীরা আদতে ইতিবাচক না নেতিবাচক— সেই দিকটিও স্পষ্ট করে দেখানো হয়নি এখনও। চরিত্রটির অতীত বা অন্তর্দ্বন্দ্ব জানার আগেই তার পরিসমাপ্তি ঘটায় আক্ষেপ রয়েই গেল।
চুক্তিতে থাকা সত্ত্বেও এ ভাবে চরিত্রের সমাপ্তি হবে, তা ভাবেননি তন্বী। তবে হতাশায় ডুবে থাকতে নারাজ তিনি। নতুন চরিত্র, নতুন গল্পের অপেক্ষায় রয়েছেন। তাঁর বিশ্বাস, খুব শিগগিরই নতুন কাজের সুযোগ আসবে।
মীরার বিদায়ে শুধু অভিনেত্রী নন, মনখারাপ তাঁর অনুরাগীদেরও। তবু টেলিভিশনের জগতে গল্প যেমন বদলায়, তেমনই বদলায় চরিত্রের ভাগ্য— এটাই বাস্তব।
আরও পড়ুন: Alia Bhatt-Ranbir Kapoor: মেয়েকে চিনা দর্শনে বড় করছেন আলিয়া-রণবীর, কী সেই বিশেষ লালনপালন পদ্ধতি?
Image source-Google