ব্যক্তিগত জীবনে বিয়ের প্রস্তুতি, আর পেশাগত জীবনে নতুন ছবির গুঞ্জন— দুই মিলিয়ে এখন চর্চার কেন্দ্রে রশ্মিকা মন্দানা। শোনা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারি ঘনিষ্ঠদের উপস্থিতিতে চারহাত এক হতে চলেছে তাঁর ও বিজয় দেবরকোন্ডা-র। এর মধ্যেই সামনে এসেছে তাঁর আগামী ছবি Cocktail 2 নিয়ে বড় আপডেট।

 

গুঞ্জন, এই ছবিতে রশ্মিকার সঙ্গে দেখা যাবে কৃতি শ্যানন-কে। শুধু তাই নয়, ছবিতে নাকি দু’জনকে সমকামী দম্পতির চরিত্রে দেখা যেতে পারে। যদিও নির্মাতাদের তরফে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু শুটিং শেষ হতেই জল্পনা তুঙ্গে।

 

পরিচালক হোমি আদাজানিয়া শেষ দিনের শুটিংয়ের পর একটি ছবি ভাগ করে নেন, যেখানে রশ্মিকা ও কৃতির পাশাপাশি ছিলেন শাহিদ কপূর। সেখান থেকেই শুরু হয় গল্প নিয়ে কানাঘুষো। শোনা যাচ্ছে, আধুনিক সম্পর্কের টানাপোড়েন ও জটিলতা নিয়েই এগোবে ছবির কাহিনি। সমকামী সম্পর্কের পাশাপাশি নাকি থাকছে এক ‘তৃতীয় ব্যক্তি’র উপস্থিতি, যে চরিত্রে দেখা যেতে পারে শাহিদকে।

 

ছবিটি কবে মুক্তি পাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ইন্ডাস্ট্রির অন্দরে খবর, সেপ্টেম্বরে মুক্তির সম্ভাবনা রয়েছে।

 

এ দিকে বাস্তবে বিয়ের আবহ, আর পর্দায় নতুন ধরনের সম্পর্কের চরিত্র— দুই ভিন্ন পরিসরে রশ্মিকার উপস্থিতি ঘিরে কৌতূহল বেড়েছে অনুরাগীদের। ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় ও বড় পর্দার সাহসী চরিত্র— কোন ভূমিকায় তিনি বেশি আলো ছড়ান, এখন সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন: Tanni Laha Roy: হঠাৎই শেষ ‘মীরা’র পথচলা, অভিমান লুকোলেন না তন্বী লাহা রায়

Image source-Google

By Torsha