সিপিএমের তরুণ নেতা প্রতীক উর রহমানকে (Pratik Ur Rahman) ঘিরে চলা জল্পনায় এ বার এল একেবারে নতুন মোড়। দলের সদস্যপদ ও সমস্ত দায়িত্ব ছাড়ার যে চিঠি ঘিরে এত বিতর্ক, সেটি আদৌ তাঁর লেখা নয় এমনই বিস্ফোরক দাবি করলেন তিনি নিজেই। Communist Party of India (Marxist)-এর ডায়মন্ড হারবারের তরুণ নেতা এবং এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক প্রতীক উর রহমান সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন, পদত্যাগের সিদ্ধান্তও তাঁর নিজের নয়।

প্রতিটি প্রশ্নের উত্তরে প্রতীক উরের (Pratik Ur Rahman) সোজাসাপ্টা বক্তব্য, “আমার যা বলার, তা দলের অন্দরেই বলব। যদি জনসমক্ষে কিছু বলার থাকত, তা হলে সোশাল মিডিয়ায় বা প্রকাশ্যেই বলতাম।” এই মন্তব্যের পরই প্রশ্ন উঠছে তাঁর অসন্তোষ প্রকাশ করে যে চিঠি প্রকাশ্যে এসেছে, সেটি কি আদৌ তাঁর লেখা? সাম্প্রতিক এই বয়ান ঘিরে ফের শুরু হয়েছে জোর চর্চা।

দলীয় সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে প্রতীক উর রহমানের সঙ্গে সিপিএমের (CPIM) কয়েকজন যুবনেতার মতপার্থক্য আগেও প্রকাশ্যে এসেছে। সোমবার সেই অসন্তোষের চিঠিই প্রথম প্রকাশ্যে আনেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এর পরই সংবাদমাধ্যমের তরফে প্রতীক উরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার যদি কিছু বলার থাকত, তা হলে আপনাদের মাধ্যমেই বলতাম। কিন্তু তা বলিনি। আমি যা বলার, দলের ভিতরেই বলেছি এবং এখনও সেখানেই বলব।”

তাঁকে ঘিরে তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা প্রসঙ্গে প্রতীক উরের পাল্টা প্রশ্ন, “সিপিএম আমি করব না এটা কে ঠিক করল? যাঁরা এসব কথা বলছেন, তাঁদের সঙ্গে নিশ্চয় তৃণমূলের যোগাযোগ আছে। ওঁদেরই জিজ্ঞেস করুন না, আমাকে তৃণমূল কোথা থেকে প্রার্থী করতে চায়!”

সবচেয়ে চাঞ্চল্যকর প্রতিক্রিয়া আসে চিঠি প্রসঙ্গে। প্রতীক উর বলেন, “আমার কোনও সিদ্ধান্ত বা কোনও চিঠি কী করে তৃণমূল নেতা কুণাল ঘোষের কাছে গেল, সেটাই আমার প্রশ্ন। আমার কাছে স্ক্রিনশট আছে। রাজ্য কমিটির কোনও এক নেতা নাকি সেটি বাইরে দিয়েছেন।” তিনি আরও জানান, চিঠি কীভাবে ফাঁস হল, সেই প্রশ্ন তিনি দলের অন্দরেও তুলবেন এবং প্রমাণ হিসেবে স্ক্রিনশট দেখাবেন, যদিও কোনও সাংবাদিকের নাম প্রকাশ করবেন না।

সব মিলিয়ে, ডায়মন্ড হারবারের এই তরুণ কমরেড সত্যিই দলবিরোধী অবস্থান নিয়েছেন কি না, তা নিয়েই ধোঁয়াশা আরও ঘনাল। যদিও দলীয় সূত্রের দাবি, ওই চিঠি সিপিএমের রাজ্য সম্পাদককে প্রতীক উর নিজেই পাঠিয়েছিলেন সংবাদমাধ্যমের সামনে শুধু ‘লুকোচুরি’ চলছে।

আরও পড়ুন: Suvendu Adhikari statement:‘মুখ্যসচিবকে দিয়ে চক্র চালাচ্ছেন মুখ্যমন্ত্রী’ ৭ এআইআরও সাসপেন্ড হতেই তীব্র আক্রমণ বিরোধী দলনেতার!

By Sk Rahul

Senior Editor of Newz24hours