যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে দেখার আশায় হাজার হাজার টাকা খরচ করেছিলেন বহু দর্শক। কিন্তু প্রত্যাশা পূরণ না হওয়ায় যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তার রেশ এখনও কাটেনি। সেই ঘটনার পর থেকেই নানা কটাক্ষ ও আক্রমণের মুখে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এ বার প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
শনিবারের ঘটনার পর শুভশ্রীকে ঘিরে সমাজমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। বিষয়টি এতটাই গড়ায় যে অভিনেত্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীকেও মুখ খুলতে হয়। এমনকি তাঁদের সন্তানদের লক্ষ্য করেও কটূ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে শুভশ্রীর পাশে দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রচনা।
রচনা বলেন, “শুভশ্রী একজন শিল্পী। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই তিনি সেখানে গিয়েছেন। তিনি তো নিজে থেকে গিয়ে কোনও বিশৃঙ্খলা তৈরি করেননি। এই ঘটনায় অযথা শুভশ্রীকে বলির পাঁঠা বানানো হচ্ছে। এখানে তাঁর কীই বা দোষ?”
মেসির সঙ্গে দেখা করার ব্যক্তিগত ইচ্ছা ছিল কি না—এই প্রশ্নে রচনার সাফ জবাব, কাতার বিশ্বকাপে তিনি সরাসরি মেসির খেলা দেখেছেন। তাই নতুন করে এমন কোনও আকাঙ্ক্ষা তাঁর নেই। তবে যাঁরা প্রথম বার প্রিয় ফুটবল তারকাকে কাছ থেকে দেখবেন বলে স্বপ্ন দেখেছিলেন এবং সেই সুযোগ পাননি, তাঁদের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
রচনার মতে, আয়োজনে যে ঘাটতি ছিল, তার দায় কোনও শিল্পীর উপর চাপানো অনুচিত। শুভশ্রীকে ঘিরে চলা আক্রমণ বন্ধ হওয়াই উচিত বলে মনে করেন সাংসদ-অভিনেত্রী।
আরও পড়ুন: Suvendu Adhikari: বিজেপি মুখ হিসেবে শুভেন্দুর সম্ভাবনা? শমীকের বক্তব্যে রাজনৈতিক বিতর্ক
Image source-Google