আগামী বছরের বিধানসভা নির্বাচন ঘিরে যখন রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, ঠিক সেই সময় বনগাঁ সফরের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হেলিকপ্টার নিয়ে নতুন বিতর্ক দানা বাঁধল। হঠাৎই কপ্টারের ইন্সিওরেন্স ও লাইসেন্স সংক্রান্ত অস্বচ্ছতার জেরে উড়ান আটকে যায়। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপির বিরুদ্ধে কঠোর আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)।
বনগাঁর ত্রিকোণ পার্কের জনসভায় মমতা (Mamata Banerjee) বলেন, “আজ আমার দেরি হয়েছে, তার জন্য দুঃখিত। সাত-আট মাস আমি কপ্টার ব্যবহারই করি না। গাড়িতে ঘুরে রাজ্যের সব জায়গায় যাই। সরকারি ব্যবহারের জন্য যে হেলিকপ্টারটি রয়েছে, সেটাতেই আজ আসার কথা ছিল। কিন্তু ঠিক বেরোনোর আগে জানানো হল কপ্টার নাকি যাবে না! খবরটা শুনে আমি বেশ অবাক হয়েছি। ভোট শুরুই হয়নি, তার আগেই যদি এমন বাধা দেওয়া শুরু হয়, তাহলে বুঝতে হবে কেউ খেলতে নেমেছে।”
তিনি আরও কটাক্ষ করেন, “আমার পথে বাধা দিলে লাভ নেই। বিজেপিকে আমি বহুবার বলেছি আমার সঙ্গে খেলতে যেও না। কারণ আমি যেভাবে খেলি, তার ছক ধরতেই পারবে না তোমরা, ছুঁতেও পারবে না।”
প্রশাসনিক সূত্রে জানা যায়, যে কপ্টারে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা ছিল, তাতে তিনি প্রায় ছ’মাস চড়েননি। নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন কপ্টার মহড়া হয় এবং সেই মহড়াতেও কোনও ত্রুটি ধরা পড়েনি। কিন্তু মঙ্গলবার সকালে হঠাৎই দেখা যায়, কপ্টারের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ফলে নিরাপত্তার স্বার্থে মুখ্যমন্ত্রীকে উড়ান বাতিল করতে হয় এবং তিনি সড়কপথে বনগাঁর উদ্দেশে রওনা দেন।
এই ঘটনায় মুখ্যমন্ত্রীর অসন্তোষ স্পষ্ট। নবান্ন সূত্রে খবর, কেন আগেভাগে বিষয়টি জানানো হয়নি, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট হেলিকপ্টার সংস্থাকে কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এমন ঘটনা নতুন কৌতূহল ও জল্পনা তৈরি করছে। বিরোধী ও শাসক উভয় শিবিরই বিষয়টি নিয়ে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছে। তবে মমতার কটূক্তিমধুর বার্তা স্পষ্ট প্রশাসনিক ত্রুটি কিংবা রাজনৈতিক চক্রান্ত, কোনওটাই তাঁকে থামাতে পারবে না; বরং তাঁর লড়াই আরও প্রখর হবে বলেই ইঙ্গিত মিলছে।
আরও পড়ুন: Rahul Sinha: কৃষ্ণনগরে বিএলও–র আত্মহত্যায় উত্তেজনা, রাজনৈতিক তরজা তুঙ্গে