বলিউডে ‘নাদানিয়াঁ’ দিয়েই শুরু হয়েছিল সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের অভিনয়জীবন। কিন্তু মুক্তির পরই ছবিটি সমালোচনার ঝড় তোলে। দর্শক ও সমালোচকদের কাছ থেকে কড়া মন্তব্যের মুখে পড়েছিলেন নবাগত এই অভিনেতা। অবশেষে, নিজেই স্বীকার করলেন— ‘‘হ্যাঁ, ওটা সত্যিই খারাপ ছবি ছিল।’’

 

ইব্রাহিমের এই খোলামেলা স্বীকারোক্তি এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “প্রথমে সবাই আমার ডেবিউ নিয়ে খুব উচ্ছ্বসিত ছিল। কিন্তু ‘নাদানিয়াঁ’ মুক্তির পর সমালোচনা এতটাই বেড়ে গেল যে, আমার আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে গিয়েছিল। প্রতিদিন ট্রোলের বন্যা বইছিল। ‘ওর দ্বারা কিছু হবে না’— এই কথাটা শুনে ভীষণ কষ্ট হত।”

 

তবে কেবল ব্যর্থতা নয়, ট্রোল সংস্কৃতি নিয়েও মুখ খুলেছেন তিনি। ইব্রাহিমের কথায়, “অনেকে সিনেমাটা না দেখেই ট্রোল করেছেন। এক জন শুরু করল, বাকিরা তাতে যোগ দিল। আজকের দিনে এটা যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি হাল ছাড়ব না। ভবিষ্যতে যদি একটা ব্লকবাস্টার ছবিও দিতে পারি, আমি চাই সবাই সেই উন্মাদনায়ও অংশ নিক।”

 

শৌনা গৌতম পরিচালিত ও কর্ণ জোহর প্রযোজিত ‘নাদানিয়াঁ’ ছবিতে ইব্রাহিমের বিপরীতে ছিলেন খুশি কপূর। ছবিটি যদিও বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি, তবু তরুণ অভিনেতার আশাবাদ— “প্রথম ব্যর্থতা মানে শেষ নয়, বরং শেখার শুরু।”

 

‘নাদানিয়াঁ’র পর ইব্রাহিমকে দেখা গিয়েছে কাজল ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে ‘সরজ়মিন’ ছবিতে। দর্শক অপেক্ষা করছেন, এবার সইফ-পুত্র কতটা নিজের জায়গা তৈরি করতে পারেন বলিউডে।

আরও পড়ুন: Diwali 2025: ভূত চতুর্দশীতে চোদ্দো শাক খাওয়ার রীতি: ধর্মীয় বিশ্বাস না স্বাস্থ্যবিজ্ঞানের যুক্তি?

Image source-Google

By Torsha