রাজ্যে SIR ঘোষণার পর থেকেই আতঙ্কের ছায়া ক্রমশ ঘনিয়ে আসছে। একের পর এক মর্মান্তিক ঘটনা যেন রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় NRC আতঙ্কে প্রাণ দিয়েছেন প্রদীপ কর, এবার উত্তরবঙ্গের (North Bengal) দিনহাটাতেও ঘটল আরেক করুণ পর্ব। ভোটার তালিকায় নিজের নামের বানান ভুল দেখে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি।

পরিবারের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের তালিকায় ওই ব্যক্তির নামের একটি অক্ষর গায়েব হয়ে যায়। এই সামান্য ত্রুটিকেই তিনি নিজের নাগরিকত্ব সংকট হিসেবে ভেবে ভয় পেয়ে যান। স্থানীয়দের দাবি, SIR আতঙ্কই এই সিদ্ধান্তের মূল কারণ। হাসপাতালের শয্যায় শুয়ে কাঁপা গলায় ওই ব্যক্তি বলেন, “আমার নামের বানান বদলে গেছে। ভয় পেয়ে গিয়েছিলাম। জানি না, যদি আমার নামটাই মুছে যায়? তখন বাঁচব কীভাবে?”

বুধবার ভার্চুয়ালি একাধিক জগদ্ধাত্রী পুজো উদ্বোধনের সময় দিনহাটার ঘটনা জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উদ্বোধন মঞ্চ থেকেই দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে কড়া নির্দেশ দেন, “উদয়ন, দিনহাটায় একজন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আমি খবর পেয়েছি। তুমি এখনই ফিরে গিয়ে ওঁর বাড়িতে যাবে, পরিবারের পাশে দাঁড়াবে।”

মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অন্যদিকে, আগরপাড়ায় আত্মঘাতী প্রদীপ করের বাড়িতে পৌঁছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেন, “SIR চালুর পর থেকে আমি রাস্তায় থাকব। বাংলার মানুষ ভয় পাবেন না। আমাদের সরকার আপনাদের পাশে আছে।” বিশ্লেষকরা বলছেন, নাগরিকত্ব ইস্যু ঘিরে এই ধরনের আতঙ্কজনক পরিস্থিতি প্রশাসন ও রাজনীতির কাছে বড় সতর্কবার্তা। আর মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে বোঝা যাচ্ছে, রাজ্য সরকার এই বিষয়টিকে যে একেবারে রাজনৈতিক অগ্রাধিকারের স্তরে তুলেছে, তাতে সন্দেহ নেই।

আরও পড়ুন: SIR: এসআইআর নিয়ে বিতর্কে উত্তাল রাজ্য, আতঙ্ক নয় আশ্বাসের বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours