পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে ফের রাষ্ট্রপতি শাসনের দাবি তুলে বিতর্কের কেন্দ্রে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় এক জনসভায় দাঁড়িয়ে সরাসরি দাবি তুললেন, “আমার হাতে ক্ষমতা থাকলে এক ঘণ্টা লাগত না, সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দিতাম।”

সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) যখন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগছিলেন, ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে একাধিক বার উঠে আসে রাষ্ট্রপতি শাসনের দাবিতে স্লোগান। একজন তো মাইক হাতে স্পষ্ট উচ্চারণে বলেন, “রাষ্ট্রপতি শাসন চাই।” উত্তরে শুভেন্দু বলেন, “জনগণ আওয়াজ তুলুন। আমার হাতে যদি ক্ষমতা থাকত, তবে এই সরকার এক ঘণ্টাও টিকত না।”

শুভেন্দুর (Suvendu Adhikari) এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। তৃণমূল কংগ্রেস পাল্টা আক্রমণে সরব। দলীয় মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “একজন গণতান্ত্রিক দেশের বিরোধী দলনেতা হয়ে উনি কীভাবে গণতন্ত্র ধ্বংসের কথা বলেন? রাষ্ট্রপতি শাসন কোনও রাজনৈতিক হাতিয়ার নয়, সংবিধানের একান্ত বিশেষ পরিস্থিতির ব্যবস্থাপত্র। শুভেন্দুবাবুর এই বক্তব্য তাঁর হতাশা ও রাজনৈতিক অপারগতারই বহিঃপ্রকাশ।”

পাথরপ্রতিমা এবং কুলতলির রাস্তায় শুভেন্দুর কনভয় লক্ষ্য করে দেখানো হয় কালো পতাকা, ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, কেন্দ্রীয় বঞ্চনা এবং জনস্বার্থে অব্যবস্থার বিরুদ্ধেই ছিল এই প্রতিবাদ। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, “ওটা জনরোষ জনগণের স্বাভাবিক প্রতিক্রিয়া।”

প্রসঙ্গত, এর আগেও আরামবাগের সভা থেকে শুভেন্দু সরাসরি দাবি করেছিলেন, “নো এসআইআর, নো ইলেকশন।” তিনি বলেন, “এই তৃণমূল কংগ্রেস সরকার বালি মাফিয়া ও পুলিশ নির্ভর। রাষ্ট্রপতি শাসন হলে ২৪ ঘণ্টার মধ্যে এই দল উবে যাবে, খুঁজে পাওয়া যাবে না।”

সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসও একাধিকবার পরোক্ষে ৩৫৬ ধারা প্রয়োগের প্রসঙ্গ টেনেছেন। দুর্গাপুর সফরে গিয়ে বলেন, “বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসনের পক্ষে কথা বলছেন।” যদিও এই মন্তব্য নিয়েও রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক হয়েছিল।

সব মিলিয়ে শুভেন্দুর মন্তব্য নতুন করে উত্তাপ বাড়াল রাজ্য-রাজনীতিতে। বিরোধীরা যেখানে রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা তুলে ধরে রাষ্ট্রপতি শাসনের দাবি জোরালো করছে, সেখানে শাসক দল পাল্টা বলছে এ শুধু রাজনৈতিক খেলা, গণতন্ত্রের প্রতি অবমাননা।

 

আরও পড়ুন: BJP: ভোটের আগে বঙ্গ রাজনীতির আসল লড়াই কোথায়? মাঠে নয়, সোশ্যাল মিডিয়ার পর্দায়!

By Sk Rahul

Senior Editor of Newz24hours