আলো আর আরাধনার মাঝে রাজনৈতিক বার্তাও! দীপাবলির (Kali Puja 2025) ঠিক পরদিন, নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পা রাখতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু পুজো নয়, মন্দির কর্তৃপক্ষ অভিষেকের হাত ধরেই তুলে দিতে চায় একটি বিশেষ প্রতীক – যা পৌঁছে যাবে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে।

সূত্রের খবর, আগামী ২১ অক্টোবর (কালীপুজোর পরদিন) নৈহাটির বিখ্যাত বড়মার মন্দিরে পুজো দিতে আসবেন অভিষেক। তিনি পুজো দেবেন বড়মার দু’ধরনের কালীমূর্তিতেই যা স্থানীয় বিশ্বাস অনুযায়ী দুই রূপে শক্তির আরাধনা। এই সফর শুধু ধর্মীয় নয়, এতে জড়িয়ে রয়েছে আস্থার সঙ্গে রাজনৈতিক যোগও।

বিশেষ গুরুত্ব পাচ্ছে মন্দির কর্তৃপক্ষের এক পরিকল্পনা। তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে চান কষ্টি পাথরের তৈরি এক ক্ষুদ্র কালীমূর্তি, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাঠানো হবে উপহার হিসেবে। এই মূর্তিটি তৈরি করেছেন শিল্পী শুভেন্দু সরকার। উচ্চতা সাড়ে ৫ ইঞ্চি, প্রস্থ ৫ ইঞ্চি —

সম্পূর্ণ কালো বালেশ্বরী পাথরে খোদাই করা। অলংকারও পাথরে খাঁচিত। চালচিত্রসহ এই মূর্তির শুদ্ধিকরণও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

এই প্রসঙ্গে বড় কালীপুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, “২১ তারিখ অভিষেকবাবু আসবেন বলেই শুনেছি। সময় এখনো নির্ধারিত নয়। আমরা তাঁকে উপযুক্তভাবে আপ্যায়ন করতে প্রস্তুত। মূর্তিটি তাঁর মাধ্যমে দিদিকে পাঠানো হবে।” উল্লেখ্য, ২০২৩ সালে মন্দির পুনর্নির্মাণের উদ্বোধনে এসেছিলেন অভিষেক। ২০২৪ সালে পুজোয় হাজির ছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। সেবার তিনি বলেছিলেন, “বড় মূর্তি নয়, বাড়ির জন্য ছোট মূর্তিই দিন।” সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এই বিশেষ কালীমূর্তি তৈরি হয়েছে।

এবার দীপাবলির পরদিন সেই উপহার রওনা দেবে নেত্রীর ঠিকানায় অভিষেকের হাত ধরেই। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওইদিন অভিষেকের সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার থাকবে, কারণ দর্শনার্থীদের ভিড় ইতিমধ্যেই ব্যাপক হতে শুরু করেছে। এবার বড়মার পুজোয় শুধু আরাধনা নয়, থাকবে রাজনীতির ছোঁয়াও, এক পাথরের মূর্তির মাধ্যমে পৌঁছবে ভক্তির রাজনীতি।

আরও পড়ুন: SIR-এ ৭ দিনের আল্টিমেটাম! পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে কঠোর নজর নির্বাচন কমিশনের

By Sk Rahul

Senior Editor of Newz24hours