আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকা সংশোধনের (SIR – Special Intensive Revision) প্রক্রিয়ায় কোনও খামতি বরদাস্ত করতে রাজি নয় নির্বাচন কমিশন। বুধবার রাজ্যের জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কমিশন স্পষ্ট বার্তা দেয়, ৭ দিনের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে হবে, নয়তো প্রশাসনিক স্তরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: M.amata Banerjee: উমা বিসর্জনে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগ

রাজ্য প্রশাসনের গা-ছাড়া মনোভাব যে কমিশনের নজরে এসেছে, তা কার্যত বুঝিয়ে দিয়েছেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী নিজে। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না, সচিব এস.বি. যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল।

যদিও উত্তরবঙ্গের কিছু জেলাশাসক বৈঠকে অনুপস্থিত ছিলেন, যা নিয়ে অন্দরেই অসন্তুষ্ট কমিশন। সূত্রের খবর, প্রস্তুতির গতি কতদূর সে বিষয়ে জেলা ধরে ধরে খোঁজখবর নিয়েছেন কর্তারা। বার্তা স্পষ্ট, বিহারের মতো গাফিলতি বরদাস্ত হবে না।

ভোটার তালিকা সংশোধন নিয়ে কী বলছে কমিশন?

* রাজ্যে ভোটার সংখ্যা প্রায় ৭.৬৫ কোটি

* প্রত্যেক ভোটারকে ২টি ফর্ম দেওয়া হবে — একটিকে জমা নেবেন BLO, অন্যটি থাকবে ভোটারের কাছে

* মোট ছাপাতে হবে প্রায় ১৫ কোটি ফর্ম

* দিল্লি থেকে সফট কপি পাঠালেও প্রিন্টিংয়ের দায়িত্ব জেলা প্রশাসনের

* বিজ্ঞপ্তি জারির ৪–৫ দিনের মধ্যে কমপক্ষে ৩০% ফর্ম ছাপানো শেষ করতে হবে

কমিশনের বার্তা, ফর্ম ছাপানো, এনুমারেশন প্রক্রিয়া ও তথ্য যাচাইয়ে যেন কোনওরকম অনিয়ম না হয়। বিহারে এই প্রক্রিয়ায় ব্যাপক অভিযোগ উঠেছিল, যার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়েছিল। বাংলাতেও অনিয়ম হলে রেহাই পাবে না কেউ, এমনটাই স্পষ্ট হুঁশিয়ারি।

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours