মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের (Kalighat) বাসভবনের সামনে এয়ারগান ও গুলি-সহ এক ব্যক্তিকে আটক করে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে, যখন ‘হাইসিকিউরিটি জোন’ হিসেবে পরিচিত মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাঁকে থামায় নিরাপত্তারক্ষীরা।
ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় একটি এয়ারগান ও বেশ কিছু গুলি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালীঘাট থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শুরু করে প্রাথমিক তদন্ত। আটক হওয়া ব্যক্তির পরিচয় মিলেছে নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, বয়স আনুমানিক ৫১, যিনি সল্টলেকের সি-এ ব্লকের বাসিন্দা এবং শহরের এক নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক।
দেবাঞ্জনের দাবি, তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য, এবং নিজের লাইসেন্সপ্রাপ্ত এয়ারগানটি সঙ্গে রেখেই চলাফেরা করেন। জিজ্ঞাসাবাদে জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন। নিরাপত্তার স্বার্থে এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় তাকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর ব্যাগে থাকা পরিচয়পত্র ও অন্যান্য বৈধ নথিপত্র খতিয়ে দেখার পর সন্দেহের অবসান হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দেবাঞ্জনের বিরুদ্ধে কোনও সন্দেহজনক বা বেআইনি উদ্দেশ্যের প্রমাণ মেলেনি। তাই পরবর্তী তদন্তের ভিত্তিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে এই ঘটনায় প্রশাসনিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে থাকে সর্বোচ্চ নিরাপত্তা, সেখানে একজন ব্যক্তি অস্ত্রসহ প্রবেশ করায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থার আরও কড়াকড়ি প্রয়োজনীয়তা নিয়ে।