স্বাধীনতা দিবসের (Independence Day) প্রথা মেনে এ বছরও বিকেলে রাজভবনে আয়োজিত চা চক্রে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেল পাঁচটা নাগাদ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকে সঙ্গে নিয়ে রাজভবনে পৌঁছন তিনি। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী উষা উত্থুপও। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) এবং তাঁর পত্নী করজোড়ে সকলকে হাসিমুখে স্বাগত জানান।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই সৌজন্যমূলক চা চক্র কি এবার বরফ গলানোর ইঙ্গিত? কারণ বিগত বছরগুলোতে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সম্পর্কের মধ্যে বেশ কিছু টানাপোড়েন ছিল। বিশেষত প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) আমলে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) রাজভবনে উপস্থিত থাকলেও, রাজনৈতিক সৌজন্যের আবরণে চাপা থাকত সংঘাতের রেশ। এমনকি গত বছর বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমলেও পুলিশ ব্যান্ডকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, যার জেরে মুখ্যমন্ত্রী চা চক্রে যোগ না দিয়েই ফিরে যান।

এবার পরিস্থিতি অনেকটাই বদলেছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। চা চক্রে শুধু মুখ্যমন্ত্রীর অংশগ্রহণই নয়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্যের মতো নেতারাও রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে রাজভবনে হাজির হন। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে তাঁদের স্বাভাবিক সৌজন্য বিনিময় লক্ষ্য করা যায়, যা রাজনৈতিক সৌহার্দ্যের বার্তাও দেয়।

রাজভবনের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতি এবং তাঁদের সঙ্গে রাজ্যপালের উষ্ণ সম্পর্কবিনিময় এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। এবারের স্বাধীনতা দিবসে রাজভবনের চা চক্র যেন নবান্ন-রাজভবন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করল।

 

আরও পড়ুন: Nusrat Faria: ১০ বছরের প্রেম ভাঙার পর অবসাদে ভুগছেন নুসরত ফারিয়া, জানালেন নিজের লড়াইয়ের গল্প

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours