ভিনরাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের উপর চলা অবিচার ও হেনস্থার বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন নতুন প্রকল্প — ‘শ্রমশ্রী’। এই প্রকল্পের মূল লক্ষ্য, বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের সম্মানের সঙ্গে পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা।

রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক সময়ে একাধিক রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আগেই ঘোষণা করেছিলেন, “বাংলার শ্রমিকদের অসম্মানের মুখে পড়তে হবে না, সরকার তাঁদের পাশে থাকবে।” সেই প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবেই চালু হলো ‘শ্রমশ্রী’ প্রকল্প।

এই প্রকল্পে নাম নথিভুক্ত করলেই মিলবে সরকারি আর্থিক সহায়তা। যতদিন পর্যন্ত কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, প্রতি মাসে পরিবারপিছু ৫০০০ টাকা দেবে রাজ্য সরকার— সর্বোচ্চ এক বছরের জন্য। এর পাশাপাশি থাকবে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, উৎকর্ষ বাংলা-র মতো বিদ্যমান প্রকল্পের সুযোগ, যা পরিযায়ী শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।

রাজ্য সরকারের মতে, শুধু অর্থসাহায্য নয়, এই প্রকল্পের মাধ্যমে তৈরি হবে একটি শক্তিশালী তথ্যভান্ডার, যা ভবিষ্যতে শ্রমনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শ্রমিকদের সন্তানদের জন্য সরকারি স্কুলে শিক্ষার বিশেষ ব্যবস্থা করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বাঙালি-বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে এক রূঢ় জবাব বলেই মনে করছে রাজনৈতিক মহল। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও সম্মানের বিষয়কে সামনে রেখে রাজ্য সরকার যে মানবিক সিদ্ধান্ত নিয়েছে, তা একদিকে সামাজিক সুরক্ষা জোরদার করবে, অপরদিকে রাজনৈতিকভাবে কেন্দ্রের প্রতি চাপও বাড়াবে।

 

আরও পড়ুন: Teghoria Bayam Sangha social work:৭৯তম স্বাধীনতা দিবসে তেঘরিয়া ব্যায়াম সংঘের মানবিক উদ্যোগ!বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবিরে উপচে পড়া ভিড়

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours