এই বছর জন্মাষ্টমী (Janmashtami 2025) হতে চলেছে একেবারে বিশেষ। কারণ দিঘার জগন্নাথধামে (Digha Jagannath Temple) প্রথমবার উদযাপিত হতে চলেছে এই পবিত্র জন্মোৎসব। সমুদ্রের ধারে, প্রকৃতির কোলে দেবদর্শনের এমন মহোৎসব আগে কখনও দেখেনি দিঘা। আগামী শনিবার, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই মন্দিরে ঢুকে পড়বেন ভক্তরা। সকাল ৬টা থেকেই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে সকলের জন্য, আর মধ্যরাত পর্যন্ত চলবে অগাধ ভক্তির স্রোত।
প্রতিদিন যেখানে রাত সাড়ে ৮টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, জন্মাষ্টমীর দিন সেই নিয়মে ছেদ! রাত সাড়ে ১২টা পর্যন্ত মন্দিরের দরজা থাকবে খোলা, যেন শ্রীকৃষ্ণের জন্মমুহূর্তে প্রত্যেক ভক্ত থাকতে পারেন উপস্থিত।
এ দিন মন্দির প্রাঙ্গণে ভোরবেলা শুরু হবে মঙ্গলারতি, সারাদিন চলবে হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় থাকবে অপূর্ব আলোকসজ্জা। মন্দির হয়ে উঠবে এক অলৌকিক জ্যোতির কেন্দ্র। জন্মাষ্টমীর রাত ১২টা নাগাদ অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পূজা, যা হবে এই উদযাপনের পরম শিখর।
বিশেষ আকর্ষণ হিসেবে, থাকছে ‘কলস অভিষেক’। শ্রীকৃষ্ণের স্নানের পবিত্র জল রাখা থাকবে কলসে, যা ভক্তরা আগাম বুকিংয়ের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এর জন্য যোগাযোগ করতে হবে ৯৩৩৩০১২৩৪৫ নম্বরে। এই অনন্য সুযোগ বহু ভক্তের কাছে হয়ে উঠেছে এক বিশাল আশীর্বাদ।
এছাড়াও, শুধু মন্দিরেই নয়! জন্মাষ্টমীর দিন উপকূলীয় প্রকৃতিও পাবে নবজন্মের স্পর্শ। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে, সকালেই জগন্নাথধামের পাশের নেচার পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী।
আরও পড়ুন: Election Commission: নবান্ন বনাম নির্বাচন কমিশন, চাপে মুখ্যসচিব, ৪ আধিকারিকের ভবিষ্যৎ অনিশ্চিত