২০২৬-এর নির্বাচনের আগে সাংসদ স্তরে বড় রদবদল করল তৃণমূল কংগ্রেস (TMC)। লোকসভায় দলের নতুন নেতা হিসেবে দায়িত্ব পেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ অসুস্থতার প্রেক্ষাপটে সোমবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে থাকবেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে লোকসভায় চিফ হুইপ পদে থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এই ঘোষণা হলেও পরে জানা যায়, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই ইস্তফার কারণ যদিও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

বৈঠকে লোকসভায় তৃণমূলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, রাজ্যসভায় দল সংগঠিতভাবে ও কার্যকরভাবে চললেও লোকসভায় সেই ছাপ স্পষ্ট নয়। এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে আনা দলের কৌশলগত রূপান্তরেরই অংশ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার বাইরে তৃণমূলের প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, তিনি এখন সরাসরি কেন্দ্রের মোকাবিলায় লোকসভায় নেতৃত্ব দেবেন। বাংলার স্বার্থ, বাঙালি পরিচয় ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের অবস্থান যে আরও দৃঢ় ও সঙ্ঘবদ্ধ হতে চলেছে—এতে কোনও সন্দেহ নেই।

দলের প্রবীণ নেতা ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন প্রজ্ঞাবান, দক্ষ ও বহুভাষিক বক্তা। সংসদে তাঁর দাপট এবং দল পরিচালনায় তাঁর দৃষ্টিভঙ্গি বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে আরও আক্রমণাত্মক করে তুলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত সময়োপযোগী এবং রাজনৈতিকভাবে সঠিক।”

আরও পড়ুন: Bihar SIR: বিহারের খসড়া ভোটার তালিকায় অনুপস্থিত তেজস্বী যাদবের নাম! ‘এটা কি গণতন্ত্র?’ ক্ষোভে ফেটে পড়লেন লালুপুত্র

By Sk Rahul

Senior Editor of Newz24hours