বিহারের (Bihar SIR) রাজনীতিতে ফের চাঞ্চল্য—সংশোধিত ভোটার তালিকায় দেখা যাচ্ছে না প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের (Tejaswi Yadav) নাম। বিষয়টি প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। শুক্রবার বিহারে প্রকাশিত হয়েছে ভোটার তালিকার খসড়া সংস্করণ। তার পরদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ আনেন তেজস্বী।

তেজস্বীর দাবি, তিনি যথাযথ নিয়ম মেনে নির্ধারিত নথি জমা দিয়ে, ব্লক লেভেল অফিসারের (BLO) কাছে ফর্ম পূরণ করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এপিক নম্বর দিয়ে অনুসন্ধান করেও নিজের নাম পাননি। নিজেই সাংবাদিকদের সামনে তাঁর ফোনে সেই অনুসন্ধানের ফলাফল দেখিয়ে প্রশ্ন তোলেন, “যদি আমার নামই তালিকায় না থাকে, তাহলে আমি কীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব?”

আরজেডি নেতার অভিযোগ, শুধুমাত্র তাঁর নয়—এই খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম, যা মোট ভোটারের প্রায় ৮.৫ শতাংশ। তিনি প্রশ্ন তুলেছেন, “এই তালিকায় না আছে ঠিকানা, না আছে বুথ নম্বর, না আছে EPIC নম্বর— তাহলে কোন ভিত্তিতে বোঝা যাবে কে বাদ পড়েছেন?”

তেজস্বীর এই অভিযোগকে ঘিরে বিরোধীদের তরফে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস-সহ INDIA জোটের নেতারা। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর কথায়, “এই ঘটনা প্রমাণ করে কমিশন বিজেপির হয়ে কাজ করছে। বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণই ঠেকাতে চাইছে কেন্দ্রীয় শাসকদল।”

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, তেজস্বীর নাম ভোটার তালিকার খসড়ায় রয়েছে, হয়তো তিনি পুরনো EPIC নম্বর দিয়ে অনুসন্ধান করেছেন, তাই ফলাফল পাননি। কমিশন একটি নথিও প্রকাশ করেছে যেখানে তেজস্বীর নাম থাকা নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, বিহারে SIR (Special Identification Register)-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব INDIA জোট। সংসদ থেকে শুরু করে রাজ্যজুড়ে জনসভা—বিরোধীরা অভিযোগ করেছে, এই পদ্ধতির মাধ্যমে ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে বিরোধী শিবিরের ভোটারদের বাদ দেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন: Nimrat Kaur: নিমরতের জবাব: “এদের জন্য করুণা হয়” — পরকীয়া বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী

By Sk Rahul

Senior Editor of Newz24hours