টানা বর্ষণে জলমগ্ন ঘাটাল। প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক তরজাও মাথাচাড়া দিচ্ছে ঘাটাল মাস্টারপ্ল্যান ঘিরে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবের ভূমিকা নিয়ে। সেই প্রেক্ষিতে মঙ্গলবার বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্য— “দেব (Dev) ভালো ছেলে, কিন্তু নিষ্ক্রিয়”— ঘিরে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক বাকযুদ্ধ।
দিলীপ ঘোষের (Dilip Ghosh) এই বক্তব্যে সরাসরি পালটা না দিলেও, একধরনের কূটনৈতিক অথচ দৃঢ় বার্তা দিলেন দেব। তাঁর কথায়, “আমি ব্যক্তিগত আক্রমণ করি না, রাজনীতিতে শালীনতা বজায় রাখি। নিজের দায়িত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। আমার কাজের মূল্যায়ন আমি জনতার উপর ছেড়ে দিই। তাঁরাই ঠিক করবেন, দেব কতটা আন্তরিকভাবে চেষ্টা করেন।”
এখানেই থেমে না থেকে দেব আরও বলেন,“ঘাটাল মাস্টারপ্ল্যান কোনও একদিনে বাস্তবায়িত হবার মতো সহজ প্রকল্প নয়। আমার আগে বহু গুণী সাংসদ এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং যতদিন না এই কাজ শেষ হয়, আমাকেই জনরোষের সম্মুখীন হতে হবে— সেটা আমি জানি ও মেনে নিয়েই দায়িত্ব পালন করছি।”
উল্লেখ্য, দিলীপ ঘোষ তার মন্তব্যে দাবি করেছিলেন, দেব রাজনীতি করতে চান না, তাঁকে ‘জোর করে’ প্রার্থী করা হয়েছে, এমনকি তাঁকে হুমকি দিয়ে সিনেমা বন্ধ করে দেওয়ার মতো চাপ দেওয়া হয়েছে বলেও কটাক্ষ করেন। দেব এসব অভিযোগে একেবারে জড়িয়ে না পড়লেও তাঁর প্রতিক্রিয়া ছিল যথেষ্ট পরোক্ষ এবং রাজনৈতিক পরিণতিতে ভরপুর।
দেবের মতে, “জনগণের রায়ই আমার কাজের আসল সার্টিফিকেট। দায়িত্ব পালনে আমি আপসহীন। রাজনীতি আমার কাছে শোয়ের মঞ্চ নয়— এটা মানুষের জন্য কাজ করার মাধ্যম।” এই জবাবে স্পষ্ট, দেব নিজের অবস্থান ব্যাখ্যা করলেও বিরোধীদের আক্রমণে সামিল হননি। বরং দায়িত্ববোধ ও রাজনৈতিক শালীনতার বার্তা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন— কাদা ছোড়াছুড়ির রাজনীতিতে তিনি বিশ্বাসী নন।
আরও পড়ুন: Bangladesh: জুলাইয়ের ঢাকায় আবারও ছাত্রবিক্ষোভ: শাসকের নির্লজ্জ নিপীড়ন, হাসপাতালে ৭৫