কাশ্মীরের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সত্ত্বেও দুই রাজ্যের মধ্যে সম্পর্কের দৃঢ়তা এবং পারস্পরিক সহযোগিতার বার্তা নিয়ে বৃহস্পতিবার নবান্নে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। বৈঠক শেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে দুই নেতা স্পষ্ট বার্তা দিলেন—কাশ্মীর নিরাপদ, এবং বাঙালি পর্যটকদের জন্য কাশ্মীর আজও আগের মতোই ‘ড্রিম ডেস্টিনেশন’।
ওমর আবদুল্লা (Omar Abdullah) জানালেন, “পশ্চিমবঙ্গ ও কাশ্মীরের সম্পর্ক ঐতিহাসিক। আমরা চাই আরও বেশি বাঙালি পর্যটক আমাদের রাজ্যে আসুন। আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি, আতঙ্কিত হওয়ার কিছু নেই।” একই সঙ্গে তিনি স্বীকার করে নেন, পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কিছুটা দ্বিধা তৈরি হয়েছিল পর্যটকদের মনে। তবে প্রশাসন এখন আরও সচেতন, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
ওমর আবদুল্লার বক্তব্যকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “কাশ্মীর আমাদের বন্ধুপ্রতিম রাজ্য। আমরা বিশ্বাস করি, ওঁরা পর্যটকদের উপযুক্ত নিরাপত্তা দেবেন। আমাদের রাজ্যের মানুষ নির্ভয়ে কাশ্মীর ভ্রমণ করতে পারেন।”
এই বৈঠকের মাধ্যমে কাশ্মীরের পর্যটন শিল্পে বাঙালিদের অংশগ্রহণ আরও বাড়বে বলে দুই রাজ্যের নেতৃত্বই আশাবাদী। রাজনৈতিক মহলের মতে, এই যৌথ বার্তা শুধু পর্যটনের প্রসারে নয়, দুই রাজ্যের পারস্পরিক সমঝোতা ও সহাবস্থানের দৃষ্টান্ত হিসেবেও চিহ্নিত হয়ে থাকবে।