বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দূরদর্শী নেতৃত্ব ও জনমুখী শাসনব্যবস্থার আরেকটি উজ্জ্বল নিদর্শন সামনে এল। ‘বাংলা সহায়তা কেন্দ্র’ প্রকল্পে ই-ওয়ালেটের মাধ্যমে আর্থিক লেনদেন অতিক্রম করল হাজার কোটি টাকার সীমা। শুক্রবার মুখ্যমন্ত্রী এক্স (প্রাক্তন টুইটার)-এ এই ঐতিহাসিক সাফল্যের কথা জানিয়ে বাংলার ডিজিটাল অগ্রগতির গর্ব প্রকাশ করেন।

সাধারণ মানুষের হাতে সহজে ও স্বচ্ছভাবে প্রশাসনিক পরিষেবা তুলে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে একের পর এক প্রকল্প চালু করেছেন — যেমন দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, এবং বাংলা সহায়তা কেন্দ্র— তা আজ বাস্তব পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। বহু দশকের লাল ফিতের আমল শেষ করে, বাংলা এখন প্রশাসনিক পরিষেবার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করছে।

বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে প্রতিদিন হাজার হাজার মানুষ সরকারি সার্টিফিকেট, স্কলারশিপ, স্বাস্থ্য, আবাসন, সামাজিক সুরক্ষা সহ বহু পরিষেবা পান। এই সব পরিষেবার জন্য যে ফি নেওয়া হয়, তা সরাসরি যায় সরকারি কোষাগারে, এবং সেগুলি ডিজিটাল মাধ্যমে লেনদেন হয়। এই পদ্ধতিতে এত দ্রুত হাজার কোটি টাকার মাইলফলকে পৌঁছনো শুধুই সংখ্যার খেলা নয় — এটি বাংলার জনতার প্রযুক্তিতে আস্থার প্রতিফলন।

মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, এই অসাধারণ সাফল্যের পিছনে রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। তিনি তাঁদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

এই ঘটনাই প্রমাণ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু জনমুখী নয়, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যতমুখী শাসনের পথেই অগ্রসর হচ্ছে। সরকারি পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি যে কতটা বাস্তবায়িত হয়েছে, তা আজ আবারও স্পষ্ট।

 

আরও পড়ুন: Mamata Banerjee: বাংলার পর্যটকদের কাশ্মীরযাত্রায় সবুজ সংকেত, মমতা-ওমরের কূটনৈতিক হাত মিল

By Sk Rahul

Senior Editor of Newz24hours