পুজোর পরেই আবারও জমকালো বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। তার আগেই বড়সড় ইঙ্গিত দিলেন দেশের অন্যতম কর্পোরেট সংস্থার কর্ণধার। বুধবার হঠাৎ করেই কলকাতায় এসে হাজির হলেন টাটা সন্স-এর চেয়ারম্যান (Tata Sএন চন্দ্রশেখরন। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে তাঁর দীর্ঘ একান্ত বৈঠক, যা ঘিরে জল্পনা তুঙ্গে— টাটারা কি তবে আবার বাংলায় বড় শিল্প বিনিয়োগের (Investment) পথে? বিশেষজ্ঞদের মতে, এই সফর নিছক সৌজন্য নয়। বরং বিনিয়োগ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ বার্তা নিয়েই এসেছেন চন্দ্রশেখরন। শিল্পমহলে ইতিমধ্যেই জোর গুঞ্জন, বাংলার বদলানো জমি নীতি এবং শিল্পবান্ধব পরিবেশই টাটাদের আবার টানছে বাংলার দিকে।

উল্লেখ্য, সিঙ্গুরে জমি জটিলতার কারণে এক সময় পিছু হঠতে হয়েছিল টাটাদের। কিন্তু সেই অধ্যায় আজ অতীত। বর্তমান সরকারের আমলে জমি সংক্রান্ত নীতি অনেকটাই সহজ হয়েছে, শিল্পের পরিকাঠামোও এখন অনেক বেশি গঠনত্মক। মুখ্যমন্ত্রী নিজে প্রতি বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দেশ-বিদেশের শিল্পপতিদের সামনে রাজ্যের সম্ভাবনার কথা তুলে ধরছেন। চলতি বছরের বাণিজ্য সম্মেলনে এন চন্দ্রশেখরন উপস্থিত না থাকলেও তিনি তাঁর প্রতিনিধিকে পাঠান এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন। সেসময়ও টাটা সন্স-এর তরফে বিনিয়োগে আগ্রহের ইঙ্গিত মিলেছিল।

এদিন নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রীর থেকে উত্তরীয় গ্রহণ করেন চন্দ্রশেখরন। এরপর তাঁদের মধ্যে হয় একান্ত বৈঠক। সূত্রের খবর, রাজ্যে টাটা সন্স-এর সম্ভাব্য শিল্প প্রকল্প নিয়েই আলোচনা হয়েছে। এই বৈঠকের পর নতুন করে আশার আলো দেখছেন রাজ্যের শিল্প মহল। একসময় যে রাজ্য থেকে টাটাদের প্রকল্প উঠে যেতে বাধ্য হয়েছিল, সেখানেই যদি আবার তাঁদের বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়, তবে তা নিঃসন্দেহে বাংলার শিল্পক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে।

আরও পড়ুন: Siddiqullah Chowdhury: মালডাঙা বিক্ষোভে অস্বস্তি, মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্থির সিদ্দিকুল্লা চৌধুরী

By Sk Rahul

Senior Editor of Newz24hours