ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হওয়ার পরে প্রথম বার আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata Book Fair) হলো সল্টলেকে।তাই বই প্রেমীরা বইমেলা প্রাঙ্গণে পৌঁছে যাওয়ার জন্য মেট্রো পরিষেবার ওপরেই যে বেশি ভরসা করবেন,তা বেশ ভালই বুঝতে পেরেছিল মেট্রো কর্তৃপক্ষরা।তাই বাড়তি ভিড়ের জন্য যাতে কোন অসুবিধা না হয়,তার জন্য বুধবার একটি বৈঠক করেন বিধাননগর পুলিশ এবং মেট্রো কর্তৃপক্ষ।এদিনের এই বৈঠক সম্বন্ধে বিধাননগর পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান,-বইমেলায় আগত প্রত্যেক বইপ্রেমীর নিরাপত্তা সুনিশ্চিত করবে পুলিশ প্রশাসন।মেলা চত্বরে প্রত্যেক জায়গায় নজরদারি চালানোর জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।যারা কিছুটা দূর থেকে বইমেলায় আসেন তাঁরা দিনে দিনেই মেলা ঘুরে নিতে চান।কাজেই সন্ধ্যার পর ফেরার তাড়া শুরু হয়ে যায় তাদের।সে ক্ষেত্রে সন্ধ্যার পরে মেট্রোতে মারাত্মক ভিড় হতে পারে শনিবার এবং রবিবার।কাজেই মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সব টিকিট কাউন্টার খুলে রাখা হয়।এবং প্রয়োজনমতো স্মার্ট কার্ড ও টোকেন আগে থেকেই ব্যবস্থা করে রাখা হয়।

এই বিষয়ে এক পুলিশকর্তা জানান,-“প্রথম বারে মেট্রোর সুবিধা বইপ্রেমীরা যথাসম্ভব নিতে চাইবেন। যদিও বইপ্রেমীদের সংখ্যা মোটামুটি নির্দিষ্ট। যাঁরা বইমেলায় আসেন, তাঁরা প্রতি বারই যে কোনও পরিস্থিতিতে আসতে চান। ফলে ভিড়ের চরিত্রে খুব বেশি পরিবর্তন হবে না ধরে নেওয়া যায়। তবুও আমরা সতর্ক রয়েছি।”

অন্যদিকে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন,বইমেলার কথা ভেবেই দৈনিক ১০৬টি ট্রেনের জায়গায় সোম থেকে শনিবার ১২০টি ট্রেন চালানো হচ্ছে।ওই দিনগুলোয় দুপুর থেকে রাত সওয়া ন’টা পর্যন্ত ১২ মিনিট অন্তর ট্রেন চলবে।রবিবারেও দুপুর থেকে রাত পর্যন্ত ৮০টি ট্রেন চলবে।তবে প্রায় ১৫ মিনিট অন্তর।প্রয়োজনে বাড়তি ট্রেন চালানোর প্রস্তুতিও তারা রাখছে বলে মেট্রোর দাবি।করুণাময়ী স্টেশনে প্রবেশ-প্রস্থানের পথে যাতে অস্বাভাবিক ভিড় না হয়, তা নজর রাখতে পুলিশের সাহায্য চাওয়া হয়েছে।মেট্রো জানিয়েছে,বইমেলার কারণে যাতে শিয়ালদহ মেট্রো স্টেশনে ভিড় নিয়ে সমস্যা না হয়,সে জন্য কলকাতা পুলিশের সঙ্গেও সংযোগ রাখা হবে।

 

আরো পড়ুন:Mamata Banerjee:’নিয়ম মেনে প্রত্যেককে চাকরি দেওয়া হবে’ নিয়োগ বিতর্কের মাঝে আশ্বাস মুখ্যমন্ত্রীর