অদম্য ইচ্ছাশক্তি ও মানসিক জোরের কাছে শারিরীক প্রতিবন্ধকতা তুচ্ছ। একথা আবারও প্রমাণ করল রাজস্থানের জয়পুরের বাসিন্দা মনু গর্গ (Manu Garg)। নিজের লক্ষ্যপূরণের জেদ, আত্মবিশ্বাস এবং মায়ের সমর্থনের জোরেই অসম্ভবকে সম্ভব করেছেন মনু। বর্তমানে একজন সফল আইএএস (IAS) অফিসার হয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Dead Zoning: ঘুরতে গিয়েও কাজের চাপ? অফিস থেকে দূরে থাকতে জেন জি-র ভরসা ‘ডেড জোনিং’
ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র মনু (Manu Garg)। কিন্তু অষ্টম শ্রেণীতে ওঠার পর তিনি রেটিনাল পিগমেন্টোসা ম্যাকুলার ডিজেনারেশন নামে এক বিরল জেনেটিক রোগে আক্রান্ত হন। ধীরে ধীরে এই রোগ তাঁর দৃষ্টিশক্তি কেড়ে নেয়। এরপর থেকেই তাঁর ভবিষ্যৎ,পড়াশোনা সবকিছুই পড়ে এক প্রশ্নচিহ্নের মুখে।
এই অন্ধকার সময় থেকে তাঁকে ক্রমাগত সাহস জুগিয়েছেন তাঁর মা। তিনিই মনুর পড়াশোনার ভার একেবারে নিজের কাঁধে তুলে নেন এবং যতরকম ভাবে সাহায্য করা যায় করতে শুরু করেন। স্কুলশিক্ষকদের থেকে দরকারি নোট সংগ্রহ থেকে শুরু করে মনুকে তৈরি করা পুরোটাই কৃতিত্ব মনুর মায়ের।
দ্বাদশ শ্রেণিতে কম্পিউটার সায়েন্সে ১০০-তে ১০০ নম্বর পেয়ে মনু উচ্চশিক্ষার জন্য তৈরি হন। এই সময় তিনি নানারকম প্রযুক্তি ব্যবহার শুরু করেন যার মধ্যে উল্লেখযোগ্য স্ক্রিন রিডার এবং ওটিজি কেবল। স্নাতকোত্তর হয়ে তিনি ইউপিএসসি-এর জন্য প্রস্তুতি শুরু করেন। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও নিজের ব্যর্থতা মেনে তার থেকে শিক্ষা নিয়ে আবার জোরকদমে প্রস্তুতি শুরু করেন তিনি। ২০২৪ এ তিনি আবার পরীক্ষা দেন এবং তার কঠোর পরিশ্রমের ফসল হিসেবে তিনি সর্বভারতীয় র্যাঙ্ক (AIR) ৯১ অর্জন করেন।
বর্তমানে তিনি রাজস্থানের ক্যাডারের একজন আইএএস অফিসার। তাঁর এই গল্প দেশের হাজার হাজার ছাত্রছাত্রীকে স্বপ্ন দেখতে অনুপ্রেরণা জোগায় এবং প্রমাণ করে মনের জোর থাকলে যেকোনো পরিস্থিতিতেই সফলভাবে উত্তীর্ণ হওয়া সম্ভব।
Image source-Google