হিন্দু ধর্মে ভগবান হনুমানকে শক্তি, সাহস ও ভক্তির প্রতীক হিসেবে মানা হয়। তাঁকে ‘সংকটমোচন’ বলেও ডাকা হয়, কারণ বিশ্বাস করা হয় তাঁর আশীর্বাদে জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। সংখ্যাতত্ত্বের মতে, প্রতিটি জন্মসংখ্যার সঙ্গে নির্দিষ্ট গ্রহ ও বিশেষ শক্তির সম্পর্ক রয়েছে। সেই কারণেই কিছু নির্দিষ্ট জন্মসংখ্যার ব্যক্তিদের জন্য বাড়ি বা কর্মস্থলে হনুমানজির ছবি কিংবা মূর্তি রাখা বিশেষ শুভ বলে মনে করা হয়।

 

জন্মসংখ্যা ২

যাঁদের জন্মসংখ্যা ২, তাঁদের উপর চন্দ্রের প্রভাব বেশি থাকে। এঁরা সাধারণত সংবেদনশীল ও আবেগপ্রবণ স্বভাবের হন। অনেক সময় অন্যের প্রতি সহজেই বিশ্বাস স্থাপন করেন এবং ভাল-মন্দ বিচার না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এর ফলে প্রতারণা বা মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, হনুমানজির মূর্তি বা ছবি রাখলে তাঁদের মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায় এবং নেতিবাচক প্রভাব মোকাবিলার শক্তি লাভ করেন।

 

জন্মসংখ্যা ৮

৮ জন্মসংখ্যার ব্যক্তিরা শনির প্রভাবে পরিচালিত হন। তাঁরা সাধারণত পরিশ্রমী, দায়িত্বশীল এবং নিয়ম মেনে চলতে পছন্দ করেন। তবে কর্মফলের প্রভাবও তাঁদের জীবনে বেশি দেখা যায়। ছোট ভুলেরও বড় ফল ভোগ করতে হতে পারে। তাই এই জন্মসংখ্যার ব্যক্তিদের জন্য হনুমানজির আরাধনা বা তাঁর মূর্তি ঘরে রাখা শুভ বলে মনে করা হয়। এর ফলে মানসিক স্থিরতা বজায় থাকে এবং জীবনের নানা বাধা অতিক্রম করার শক্তি পাওয়া যায়।

 

জন্মসংখ্যা ৯

মঙ্গল গ্রহের অধীনে থাকা ৯ জন্মসংখ্যার ব্যক্তিরা সাহসী ও উদ্যমী হলেও অনেক সময় দ্রুত রেগে যান। অতিরিক্ত আবেগ বা রাগের কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভুল হওয়ার আশঙ্কা থাকে। সংখ্যাতত্ত্বের মতে, হনুমানজির প্রতি ভক্তি এবং তাঁর মূর্তি বা ছবি কাছে রাখলে রাগ নিয়ন্ত্রণে সাহায্য মেলে। পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে মনোযোগ ধরে রাখা সহজ হয়।

 

সংখ্যাতত্ত্বে এই বিশ্বাসগুলি দীর্ঘদিন ধরে প্রচলিত। তবে এগুলি ধর্মীয় ও আধ্যাত্মিক ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী এগুলি অনুসরণ করা যেতে পারে।

আরও পড়ুন: Hiya Dey: কবাডি অনুশীলনে গুরুতর চোট! হাসপাতালে ভর্তি ‘পটলকুমার’ হিয়া দে, কব্জির অস্ত্রোপচার আজ

Image source-Google

By Torsha