মধ্যপ্রদেশের চম্বল বলতেই একসময় চোখের সামনে ভেসে উঠত দুর্গম গিরিখাত, বন্দুকের গর্জন আর বাগীদের গল্প। সেই চম্বলের মোরেনা জেলার এক প্রত্যন্ত গ্রাম থেকেই উঠে এসে দেশের অন্যতম কঠিন পরীক্ষা UPSC সিভিল সার্ভিসেস-এ নজর কাড়লেন দেব প্রভাকর সিং তোমর। ২০২৫ সালের পরীক্ষায় অল ইন্ডিয়া র্যাঙ্ক ৬২৯ অর্জন করে তিনি ভারতীয় রেলের ট্রাফিক সার্ভিসে (IRTS) জায়গা করে নিয়েছেন। তবে তাঁর সাফল্যের গল্প শুধু একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কাহিনি নয়, বরং প্রতিকূলতা পেরিয়ে তিন প্রজন্মের বদলে যাওয়ার গল্প।
দেব প্রভাকরের পথচলা শুরু হয়েছিল সাধারণভাবেই। কোনও নামী কোচিং সেন্টারের সাহায্য ছাড়াই নিজের চেষ্টায় পড়াশোনা করে তিনি আইআইটি রোপারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। পড়াশোনা শেষ করে ইউরোপের অন্যতম পরিচিত সংস্থা ফিলিপসে চাকরি পান। কাজের সূত্রে চলে যান নেদারল্যান্ডসের আমস্টারডামে। সেখানে ভালো বেতন, নিরাপদ ভবিষ্যৎ এবং স্বচ্ছন্দ জীবন—সবই ছিল তাঁর হাতের মুঠোয়। কিন্তু দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছা তাঁকে বারবার টেনে আনছিল নিজের দেশে। শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বিদেশের চাকরি ছেড়ে ভারতে ফিরে UPSC-র প্রস্তুতি শুরু করেন তিনি।
তবে পরীক্ষার লড়াই মোটেই সহজ ছিল না। প্রথম দু’বার প্রিলিমিনারি পরীক্ষাতেই অল্পের জন্য আটকে যান দেব প্রভাকর। তৃতীয় প্রচেষ্টায় পৌঁছে যান ইন্টারভিউ পর্যন্ত। কিন্তু সেবারও চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি। পরপর ব্যর্থতার পরেও তিনি থেমে থাকেননি। দিল্লিতে শিক্ষকতা করার পাশাপাশি নিজের প্রস্তুতি চালিয়ে যান। অবশেষে চতুর্থ প্রচেষ্টায় আসে কাঙ্ক্ষিত সাফল্য। ২০২৫ সালের UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় ৬২৯তম স্থান অর্জন করে তাঁর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়।
দেব প্রভাকরের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর পরিবারের কঠিন অতীতও। জোশ টকস-এ নিজের জীবনের কথা বলতে গিয়ে তিনি জানান, প্রায় ৭৫ বছর আগে পারিবারিক টানাপোড়েন ও স্থানীয় সংঘাতের কারণে তাঁর ঠাকুরদাকে চম্বলের গিরিখাতে আত্মগোপন করতে হয়েছিল। স্থানীয় ভাবে এই ধরনের মানুষদের ‘বাগী’ বলা হত। সেই পরিস্থিতির প্রভাব পড়ে গোটা পরিবারের উপর। চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাতে হয়েছিল তাঁদের। পরবর্তীতে তাঁর এক কাকাও একই পথে চলে যান।
কিন্তু দেব প্রভাকরের বাবা সেই জীবন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। পরিবারকে না জানিয়েই গোয়ালিয়রে চলে গিয়ে পড়াশোনা শেষ করেন তিনি। পরে শিক্ষক হিসেবে নতুন জীবন শুরু করেন। বাবার সেই সিদ্ধান্তই বদলে দেয় পরিবারের ভবিষ্যৎ। বন্দুকের বদলে তিনি বেছে নিয়েছিলেন শিক্ষা ও পরিশ্রমের পথ। বাবার সেই আদর্শই পরবর্তী প্রজন্মের কাছেও হয়ে ওঠে অনুপ্রেরণা।
পড়াশোনা ও পরিশ্রমের জোরে দেব প্রভাকর পরে ফিলিপসের নেদারল্যান্ডসের সদর দফতরে বিজ্ঞানী হিসেবে কাজ করার সুযোগ পান। তাঁর বার্ষিক প্যাকেজ ছিল প্রায় ৮৮ লক্ষ টাকা। কিন্তু সেই আকর্ষণীয় চাকরিও তাঁকে তাঁর স্বপ্ন থেকে সরাতে পারেনি। দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছায় সেই চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতিতে মন দেন তিনি।
আজ তাঁর সাফল্যের গল্পে যেন ধরা পড়ে পরিবারের তিন প্রজন্মের বদলের ছবি। এক প্রজন্মের হাতে ছিল বন্দুক, পরের প্রজন্ম বেছে নিয়েছিল শিক্ষা, আর তৃতীয় প্রজন্ম সেই শিক্ষার হাত ধরেই পৌঁছে গেল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবায়। চম্বলের কঠিন অতীতকে পেছনে ফেলে দেব প্রভাকর সিং তোমরের এই যাত্রা তাই শুধুই UPSC সাফল্যের গল্প নয়, বরং অধ্যবসায়, শিক্ষা এবং প্রজন্মের পরিবর্তনের এক অনন্য কাহিনি।
আরও পড়ুন: Dead Zoning: ঘুরতে গিয়েও কাজের চাপ? অফিস থেকে দূরে থাকতে জেন জি-র ভরসা ‘ডেড জোনিং’
Image source-Google