‘টক্সিক’ ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতাকে নিজের কেরিয়ারের অন্যতম কঠিন অধ্যায় বলে মনে করছেন দক্ষিণী তারকা যশ। ছবির প্রচার-ঝলক প্রকাশের অনুষ্ঠানে দীর্ঘ শুটিং, কঠোর পরিশ্রম এবং নিজের একাধিক লুক তৈরির অভিজ্ঞতা নিয়ে কথা বলেন অভিনেতা। সেই প্রসঙ্গেই স্ত্রী রাধিকা পণ্ডিতের ভূমিকাও তুলে ধরেন তিনি।
শনিবার বেঙ্গালুরুতে ‘টক্সিক’-এর প্রচার-ঝলক প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশ। ছবির গল্পের বিভিন্ন পর্যায়ে তাঁকে একাধিক চেহারায় দেখা যাবে। সেই কারণে দীর্ঘ সময় ধরে শরীর ও চেহারার উপর কাজ করতে হয়েছে তাঁকে। নিজের স্বাচ্ছন্দ্যের সীমা পেরিয়ে এই চরিত্রের জন্য প্রস্তুতি নিতে হয়েছে বলে জানান অভিনেতা।
এই কঠিন সময় স্ত্রী রাধিকা তাঁর পাশে ছিলেন বলে জানান যশ। স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অভিনেতা বলেন, তাঁর সঙ্গে সংসার করা মোটেই সহজ নয়। ছবির কাজের চাপ এবং দীর্ঘ প্রস্তুতির মধ্যেও রাধিকা তাঁকে সব সময় সহযোগিতা করেছেন।
যশের কথায়, ‘টক্সিক’-এর জন্য তাঁকে বেশ কয়েকটি আলাদা লুক তৈরি করতে হয়েছে। সেই পরিবর্তনের জন্য প্রয়োজন হয়েছে দীর্ঘ সময় এবং কঠোর পরিশ্রমের। পুরো প্রক্রিয়ায় রাধিকা তাঁর পাশে থেকে তাঁকে মানসিক ভাবে সমর্থন করেছেন।
এ দিকে ছবিতে কিয়ারা আডবাণীর সঙ্গে যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও ইতিমধ্যে আলোচনা হয়েছে। ‘তবাহী’ গানে তাঁদের রসায়ন নিয়ে সমাজমাধ্যমে বিতর্ক তৈরি হয়। অনুষ্ঠানে সেই প্রসঙ্গ উঠলে কিয়ারার পেশাদারিত্বের প্রশংসা করেন যশ। অভিনেত্রীর কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে তিনি জানান, শিল্পী হিসাবে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যাওয়া উচিত। সময়ের সঙ্গে দর্শকেরা সেই কাজের মূল্যায়ন করবেন বলেও মন্তব্য করেন তিনি।
ছবিতে যশ ও কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরৈশী। ইংরেজি ও কন্নড় ভাষায় ছবিটির শুটিং হয়েছে। পরে হিন্দি, তেলুগু, তামিল এবং মলয়ালম ভাষাতেও মুক্তি পাবে ‘টক্সিক’। আগামী ২৬ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।
আরও পড়ুন: ‘টক্সিক’ বন্ধ হয়নি, ২০০ দিন শুটিংয়ের রহস্য ফাঁস করলেন যশ
Image source-Google