দীর্ঘ শুটিংয়ের ব্যস্ততার মাঝেই কাঁধে চোট পেয়েছিলেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। বুধবার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তাঁর কাঁধে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি ভাল আছেন বলে সমাজমাধ্যমে নিজেই অনুরাগীদের জানিয়েছেন অভিনেতা।

কাঁধের চোটের জন্য জুনিয়র এনটিআরের ‘আর্থ্রোস্কোপিক’ অস্ত্রোপচার করা হয়েছে। এই আধুনিক পদ্ধতিতে ছোট ছিদ্রের মাধ্যমে ক্যামেরাযুক্ত একটি নল প্রবেশ করিয়ে অস্থিসন্ধির সমস্যা পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা করা হয়।

অস্ত্রোপচারের পর অনুরাগীদের উদ্দেশে দেওয়া বার্তায় জুনিয়র এনটিআর তাঁদের ভালবাসা, প্রার্থনা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। চিকিৎসকদেরও ধন্যবাদ জানান তিনি। পরিবার, বন্ধু এবং অনুরাগীদের সমর্থন তাঁকে শক্তি জোগাচ্ছে বলেও উল্লেখ করেন অভিনেতা। খুব শীঘ্রই তাঁদের সঙ্গে দেখা করার আশ্বাসও দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, গত ২৭ জুলাই তাঁর কাঁধে চোট লাগে। এরপর চিকিৎসকেরা তাঁকে ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। কী ভাবে চোট লেগেছিল, তা অবশ্য তাঁর টিমের তরফে স্পষ্ট করে জানানো হয়নি। অভিনেতার আগামী ছবি ‘ড্রাগন’-এর শুটিং চলাকালীন চোটটি লেগে থাকতে পারে বলে অনুরাগীদের একাংশের অনুমান হলেও বিষয়টি নিশ্চিত নয়।

অস্ত্রোপচারের পর এখন শুরু হয়েছে জুনিয়র এনটিআরের সুস্থ হয়ে ওঠার পর্ব। চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে বেশ কিছু দিন বিশ্রামে থাকতে হবে। স্বাভাবিক কাজকর্মে পুরোপুরি ফিরতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। তবে অভিনেতার নিজের বার্তায় আপাতত স্বস্তি পেয়েছেন তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের জন্য তেল ছাড়া নিরামিষ বিরিয়ানি

Image source-Google

By Torsha