বিড়াল বরাবরই শ্রুতি হাসনের অত্যন্ত প্রিয়। সেই ভালবাসা থেকেই কয়েক মাস আগে পার্সিয়ান বিড়ালছানা আসলানকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী। নতুন সদস্যকে ঘিরে বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু আসলান আসার মাত্র দু’দিনের মধ্যেই শুরু হয় বিপত্তি। তীব্র অ্যালার্জির সমস্যায় ভুগতে শুরু করেন শ্রুতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক চেষ্টা করেও শেষপর্যন্ত পোষ্যটিকে অন্যত্র দেওয়ার সিদ্ধান্ত নিতে হয় তাঁকে।

সম্প্রতি সমাজমাধ্যমে নিজের সেই কঠিন অভিজ্ঞতার কথা জানিয়েছেন শ্রুতি। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি বিড়ালপ্রেমী। ফলে আসলানকে দত্তক নেওয়া তাঁর কাছে ছিল অত্যন্ত আনন্দের মুহূর্ত। প্রথম দিকে তাঁর অন্য বিড়াল ক্লারার সঙ্গে আসলানের কিছুটা সমস্যা হলেও পরে দু’জনেই একে অপরের সঙ্গে মানিয়ে নেয়।

এর মধ্যেই শ্রুতির মুখে র‌্যাশ ও ফোঁড়ার মতো সমস্যা দেখা দিতে শুরু করে। প্রথমে তিনি মনে করেছিলেন, হয়তো কোনও খাবারের কারণে এমনটা হচ্ছে। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরও সমস্যার প্রকৃত কারণ স্পষ্ট হচ্ছিল না। পরে জানা যায়, আসলানের লোম এবং লালার কারণেও তাঁর শরীরে অ্যালার্জি হতে পারে।

সমস্যা কমানোর জন্য আসলানের লোম ছোট করে দেওয়া থেকে শুরু করে বাড়িতে এয়ার পিউরিফায়ার ব্যবহার, নিয়মিত পোষ্যকে পরিষ্কার করা—সব রকমের চেষ্টা করেন অভিনেত্রী। কিন্তু তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। শেষপর্যন্ত তাঁকে কড়া মাত্রার ওষুধও নিতে হয়।

ধীরে ধীরে এই অ্যালার্জি শ্রুতির দৈনন্দিন জীবন, কাজ এবং মানসিক স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলতে শুরু করে। আসলানকে ছুঁয়ে বারবার হাত ধোয়া, পোশাকে যাতে তার লোম না লাগে তা নিয়ে সতর্ক থাকা—সব মিলিয়ে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। বাইরে থেকে বাড়ি ফিরলেই আবার অ্যালার্জির সমস্যা দেখা দিত।

সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন এই কারণে যে, পোষ্যকে পর্যাপ্ত ভালবাসা ও সময় দিতে পারছিলেন না তিনি। সেই থেকেই অপরাধবোধ তৈরি হয় অভিনেত্রীর মনে। শেষ পর্যন্ত তাই আসলানকে অন্য একটি নিরাপদ বাড়িতে দেওয়ার সিদ্ধান্ত নেন শ্রুতি। বন্ধুদের সাহায্যে তার জন্য নতুন বাড়ি খোঁজার চেষ্টা করছেন তিনি।

প্রিয় পোষ্যকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যে তাঁর কাছে কতটা যন্ত্রণার, তা স্পষ্ট শ্রুতির কথাতেই। কঠিন পরিস্থিতির কাছে হার মেনে শেষ পর্যন্ত আসলানকে ছেড়ে দিতে হলেও তার জন্য মনখারাপ রয়ে গিয়েছে অভিনেত্রীর।

আরও পড়ুন: Amitabh Bachchan: সামান্য নম্বরের ভুল, তাতেই ক্ষমা চাইলেন অমিতাভ! বিগ বি-কে নিয়ে মজায় মাতলেন নেটাগরিকেরা

Image source-Google

By Torsha