সম্প্রতি একটি কফি ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। লাল টি-শার্ট, ডেনিম ও কালো সানগ্লাসে তাঁর উপস্থিতি নজর কেড়েছিল শুটিং ফ্লোরে। সেখানেই অভিনেত্রী ও মডেল দীক্ষা নারং রণবীরের সঙ্গে মজার ছলে কথোপকথনে জড়িয়ে পড়েন এবং তাঁর প্রশংসা করতে থাকেন।

সেই সময় হাসতে হাসতেই রণবীর বলেন, “এত ফ্লার্ট কোরো না, আমি কিন্তু দুই বাচ্চার বাবা হতে চলেছি।” অভিনেতার এই রসিক মন্তব্য শুনে উপস্থিত সকলেই হেসে ওঠেন। পরে দীক্ষা সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই রণবীরের সহজ-সরল ও পারিবারিক মূল্যবোধের প্রশংসা করেছেন।

চলতি বছরের এপ্রিলে রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন যৌথভাবে ঘোষণা করেন, তাঁদের পরিবারে দ্বিতীয় সন্তানের আগমন ঘটতে চলেছে। ২০২৪ সালে জন্ম হয়েছিল তাঁদের প্রথম সন্তান দুয়ার। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় এখন গোটা পরিবার।

কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় কাটছে অভিনেতার। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। পাশাপাশি নতুন ছবি ‘প্রলয়’-এর শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি। অন্য দিকে দীপিকা পাড়ুকোনকে শীঘ্রই দেখা যাবে শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’-এ।

আরও পড়ুন: Nora Fatehi: শুটিং ফ্লোরেই সহ-অভিনেতার সঙ্গে হাতাহাতি! চড় থেকে চুলোচুলি—বিস্ফোরক অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফতেহি

Image source-Google

By Torsha