বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার আগে কেরিয়ারের শুরুর দিকে এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন নোরা ফতেহি। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে অভিনেত্রী জানান, তাঁর প্রথম ছবি ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’-এর শুটিং চলাকালীন এক সহ-অভিনেতার সঙ্গে বড়সড় বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল।
নোরার কথায়, ২০১৪ সালে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে ছবির শুটিং চলছিল। সেই সময় এক সহ-অভিনেতার আচরণে তিনি অপমানিত বোধ করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, রাগের মাথায় প্রথমে তিনি ওই অভিনেতাকে চড় মারেন। অভিযোগ, পাল্টা ওই অভিনেতাও তাঁকে চড় মারেন এবং চুল টেনে ধরেন। এরপর দু’জনের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়।
অভিনেত্রী জানান, শেষ পর্যন্ত ছবির পরিচালক এবং ইউনিটের অন্য সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর আর কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। যদিও সেই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি নোরা।
ঘটনার প্রসঙ্গে অনুষ্ঠানের সঞ্চালক কপিল শর্মা মজার ছলে মন্তব্য করলে নোরাও রসিকতার সুরে সেই সময়কার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে তিনি স্পষ্ট করে জানান, সেই ঘটনার স্মৃতি আজও তাঁর মনে রয়েছে।
উল্লেখ্য, ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাডভেঞ্চার থ্রিলার, যার শুটিং হয়েছিল ম্যানগ্রোভ অরণ্যে। এই ছবির মাধ্যমেই বলিউডে যাত্রা শুরু করেছিলেন নোরা ফতেহি।
Image source-Google