ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাম কপূর সম্প্রতি একটি রিয়্যালিটি শো-তে নিজের জীবনের অত্যন্ত ব্যক্তিগত একটি ঘটনার কথা প্রকাশ করে সকলকে আবেগপ্রবণ করে তুলেছেন। তিনি জানান, ক্যানসারে আক্রান্ত বাবার জীবনের শেষ ইচ্ছা পূরণে তিনি পাশে দাঁড়িয়েছিলেন। সেই সিদ্ধান্তের জেরে আজও তাঁর মা ও বোনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি।

রামের কথায়, তাঁর বাবার ৬৩ বছর বয়সে প্রথম ক্যানসার ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসা ও একাধিক কেমোথেরাপির পর কিছুটা সুস্থ হলেও কয়েক বছর পরে আবার রোগ ফিরে আসে। তখন চিকিৎসার বদলে জীবনের শেষ সময়টা নিজের মতো করে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর বাবা।

অভিনেতা জানান, কোভিডের সময় সিঙ্গাপুরে থাকা তাঁর বাবা ফোন করে স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর চিকিৎসা করাতে চান না। বরং শেষ মুহূর্তে ছেলেকে পাশে চান। বাবার সেই অনুরোধ মেনে রাম আইসিইউ-তে তাঁর সঙ্গেই ছিলেন। তাঁর দাবি, সেই সময় আর কোনও সক্রিয় চিকিৎসা চলছিল না, শুধু বাবার শেষ ইচ্ছাকে সম্মান জানানো হয়েছিল।

রাম আরও জানান, তাঁর বাবার ইচ্ছা ছিল মৃত্যুর পরে কেউ যেন শোক প্রকাশ না করেন এবং সেদিনই শেষকৃত্য সম্পন্ন করা হয়। সেই ইচ্ছাও পরিবারের পক্ষ থেকে পূরণ করা হয়েছিল।

এই ঘটনার পর থেকেই পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। তবে নিজের সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ নেই বলেই জানিয়েছেন অভিনেতা। তাঁর মতে, একজন ছেলে হিসেবে বাবার শেষ ইচ্ছার মর্যাদা দেওয়াই ছিল তাঁর সবচেয়ে বড় দায়িত্ব। একই সঙ্গে তিনি বলেন, এই অভিজ্ঞতার পর মৃত্যু আর তাঁকে ভয় দেখায় না।

আরও পড়ুন: Ranveer Singh: ‘আমি কিন্তু দুই সন্তানের বাবা হতে চলেছি!’ অভিনেত্রীর ফ্লার্টের জবাবে রণবীরের এক কথাতেই মুগ্ধ নেটদুনিয়া

Image source-Google

By Torsha